ফাইনালে যেতে রেকর্ড গড়তে হবে নিউজিল্যান্ডকে

নিউজিল্যান্ড কি ব্যাটিংয়ে ঝড় তুলতে পারবে?এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাট কোহলির ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম শতক আর শ্রেয়াস আইয়ারের বিশ্বকাপ নকআউটে দ্রুততম শতকে চড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ৪ উইকেটে ৩৯৭ রান তুলেছে ভারত।

বিশ্বকাপের নকআউটে এটিই কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। ২০১৫ ও ২০১৯ সালে রানার্সআপ হওয়া কিউইদের টানা তৃতীয় ফাইনাল খেলতে হলে গড়তে হবে রেকর্ড। বিশ্বকাপের নকআউট পর্বে কেউই এত বেশি রান তাড়া করে জিততে পারেনি।

কেইন উইলিয়ামসনের দলকে ভাঙতে হবে ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ডও। ২০২০ সালে ভারতের বিপক্ষে ৩৪৮ রান তাড়া করতে হয়েছিল নিউজিল্যান্ডকে। এবার বিশ্বকাপ মঞ্চে লক্ষ্যটা আরও ৫০ রান বেশি।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারতের দিনই শুরু হয়েছে টস–ভাগ্যে জিতে। ব্যাটিংয়ে নামার পর রোহিত শর্মা ও শুবমান গিল শুরু থেকেই ছিল আক্রমণাত্মক মেজাজে। প্রথম আট ওভারের মধ্যে দুজনে তুলে ফেলেছিলেন ৭০ রান। টিম সাউদির স্লোয়ারে উইলিয়ামসনের দারুণ ক্যাচে থামে রোহিতের ২৯ বলে খেলা ৪৭ রানের ইনিংস, যে ইনিংসে ছিল ৪টি করে চার ও ছয়।

৭১ রানে অধিনায়ককে হারানোর পর রান তোলার দায়িত্বটা নেন গিল। ২৩তম ওভারে পায়ে অস্বস্তি নিয়ে গিল যখন মাঠ ছেড়ে যান, ততক্ষণে ভারতের রান ১৬৪। গিলের ব্যাট থেকে আসে ৬৫ বলে ৭৯ রান। (শেষ দিকে নেমে ১ বলে ১ রান নেন)।

আরও পড়ুন

গিল উঠে যাওয়ার পর ভারতের ইনিংস বড় সংগ্রহের দিকে টেনে নিয়ে যাওয়ার কাজটি করেন কোহলি-শ্রেয়াস আইয়ার। ৪২তম ওভারে লকি ফার্গুসনের বলে ২ রান নিয়ে ৫০তম ওয়ানডে শতক পূর্ণ করেন কোহলি। শচীন টেন্ডুলকারের ৪৯ শতক পেরিয়ে কোহলিই এখন ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি শতকের মালিক।

কোহলির এই আনন্দ পঞ্চাশতম শতকের
এএফপি

রেকর্ড গড়া শতকের পর কোহলি খুব বেশি দূর এগোতে পারেননি। সাউদির দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ১১৩ বলে ১১৭ রান করে। ভারতের ইনিংসের পরের গল্পটা আইয়ার ও লোকেশ রাহুলের। এ দুজনে তৃতীয় উইকেটে ২৯ বলে যোগ করেন ৫৪ রান। এর মধ্যে ৬৭ বলে শতক তুলে নেন আইয়ার। বিশ্বকাপের নকআউটে এটিই এখন দ্রুততম শতক। এত দিন শীর্ষে ছিল ২০০৭ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের ৭২ বলে শতক।

শ্রেয়াস আইয়ার শতক পূর্ণ করেন ৬৭ বলে
এএফপি

৪টি চার ও ৮টি ছয়ে ৭০ বলে ১০৫ রান তুলে ট্রেন্ট বোল্টের বলে আউট হন আইয়ার। তবে আরেক প্রান্তে রাহুল ছিলেন অপরাজিত। পাঁচে নামা এই উইকেটকিপার-ব্যাটসম্যান ২০ বল খেলে অপরাজিত থাকেন ৩৯ রানে। যার সুবাদে ভারত পেয়ে যায় ৩৯৭ রানের সংগ্রহ।

বিশ্বকাপের নকআউটে এর আগে সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের ৩৯৩/৬। এবার রান তাড়ায় নিজেদের সেই রেকর্ড ভাঙতে হবে উইলিয়ামসনদের।