নেতৃত্ব তো দূর, আফ্রিদিকে একাদশেই দেখেন না রশিদ লতিফ

অনুশীলনে শাহিন শাহ আফ্রিদিপ্রথম আলো

টি-টুয়েন্টি বিশ্বকাপটা একদমই ভালো কাটেনি পাকিস্তানের। প্রথম পর্বে তারা হেরেছে ভারতের কাছে। সুপার এইটে উঠলেও খেলা হয়নি শেষ চারে। যেকোনো বড় টুর্নামেন্টে ব্যর্থ হলেই পাকিস্তান ক্রিকেটে একটা রব ওঠে—বদল আনতে হবে।

এবারও ব্যতিক্রম হয়নি। পাকিস্তানের টি-টুয়েন্টি অধিনায়ক সালমান আগাকে সরিয়ে দেওয়ার আলোচনা চলছে এখন। কিন্তু তাঁকে সরিয়ে কাকে অধিনায়ক করা হবে? এ প্রশ্নের উত্তরেও অনেক নাম ঘুরেফিরে আসছে।

এর মধ্যে আছে শাহিন শাহ আফ্রিদির নামও। তবে সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেননি তিনিও। ৫ ম্যাচে ৮ উইকেট নেওয়া এই পেসার ওভারপ্রতি রান দিয়েছেন ১০.৫২ গড়ে। তাঁকে তাই নেতৃত্ব তো দূর, টি-টুয়েন্টি সংস্করণে একাদশেই তাঁর জায়গাই দেখেন রশিদ লতিফ।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘পাকিস্তানের হয়ে তার টি-টুয়েন্টি খেলা উচিত নয়। বিশ্বকাপে ভরাডুবির পরও কিছু মানুষ তাকে টি-টুয়েন্টিতে দলকে নেতৃত্ব দিতে দেখতে চায়। তাকে আগেই পরীক্ষা করা উচিত ছিল, কিন্তু এখন তার টি-টুয়েন্টি দলে জায়গা পাওয়ার যোগ্যতা নেই।’

আফ্রিদিকে টি-টুয়েন্টি অধিনায়ক বানানোর এই প্রচারণা জোরেশোরে শুরু হয়েছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর। ২-১ ব্যবধানে হেরে যাওয়ার পর আফ্রিদিকে এই সংস্করণের নেতৃত্ব থেকে সরিয়ে টি-টুয়েন্টি অধিনায়ক করার আলোচনা শুরু হয়।

এ সংস্করণেও আগে নেতৃত্ব দিয়ে খুব একটা সুখকর অভিজ্ঞতা হয়নি তাঁর। টি-টুয়েন্টিতে আফ্রিদির নেতৃত্ব দেওয়া ৫ ম্যাচের ৪টিতেই হেরেছে পাকিস্তান। তাঁকে তাই আবার টি-টুয়েন্টি নেতৃত্বে দেওয়ার বিপক্ষে রশিদ লতিফ, ‘মানুষ ওয়ানডের বদলে টি-টুয়েন্টি দলে তাকে তুলে আনার জন্য প্রচারণা চালাচ্ছে। তার সময় শেষ। তার টি-টুয়েন্টিতে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া উচিত নয়।’

বিশ্বকাপে ভালো করতে না পারলেও সালমান আগার নেতৃত্বে সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে খেলেছিল পাকিস্তান। সালমানের নেতৃত্বে সব মিলিয়েও ৫০ ম্যাচের ৩১টিতে জয় পেয়েছে তারা।

আরও পড়ুন