বাংলাদেশের সামনে টাকার–ম্যাকব্রাইনের প্রতিরোধের দেয়াল

লরকান টাকার অপরাজিত আছেন ৮৯ রানেছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দিন চা বিরতি: আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংস ১৯৯/৬। আয়ারল্যান্ড ৪৪ রানে এগিয়ে।

গতকাল শেষবেলায় রীতিমতো ধুঁকছিল আয়ারল্যান্ড, তবে আজ বেশ ভালো ব্যাটিং কন্ডিশনে দারুণ লড়াই করে চলেছে তারা। তৃতীয় দিন প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও মাত্র একটি উইকেটই হারিয়েছে সফরকারীরা। চা-বিরতিতে যাওয়ার সময় তাদের লিড ৪৪ রান, বাকি ৪ উইকেট। দ্বিতীয় সেশনে আয়ারল্যান্ড তুলেছে ২৭ ওভারে ১০৬ রান। আয়ারল্যান্ডের এমন সংগ্রহে নেতৃত্ব দিয়েছেন প্রথম সেঞ্চুরির দিকে এগোতে থাকা লরকান টাকার, যিনি অপরাজিত ৮৯ রানে। ৫৬ রান করা হ্যারি টেক্টর ফেরার পর অ্যান্ডি ম্যাকব্রাইনকে নিয়ে টাকারের জুটি অবিচ্ছিন্ন ৭৬ রানে।

মধ্যাহ্নবিরতির পর বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম। তাঁর ফুললেংথের বলে সুইপ করতে গিয়ে মিস করে এলবিডব্লু হন টেক্টর, রিভিউ নিয়েও বাঁচেননি। প্রথম ইনিংসের মতো এবারও স্পিনে ভুল শট খেলে ফিরতে হলো তাঁকে। এর আগে একবার তাঁর বিপক্ষে নেওয়া রিভিউ ব্যর্থও হয়েছিল বাংলাদেশের।

টেক্টরকে ফেরানোর পর তাইজুল
ছবি: শামসুল হক

আউট হওয়ার আগে টেক্টর পান ম্যাচে ও ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি। লাঞ্চের পর ইনিংসে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন খালেদ আহমেদ, তাঁর বলেই চার মেরে ফিফটি পূর্ণ করেন টেক্টর। অন্যপ্রান্তে টাকারও শট খেলেন, পেসের পাশাপাশি স্পিনের বিপক্ষেও সুযোগ পেলেই চড়াও হন। টাকারের সঙ্গে টেক্টরের জুটিতে ওঠে ৭২ রান।

এরপর অ্যান্ডি ম্যাকব্রাইনকে নিয়েও ইতিবাচকই থাকেন টাকার। তাইজুলের বলে লেগ সাইডে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের প্রথম ফিফটি পান তিনি। ঠিক পরের ওভারেই মিরাজকে ডাউন দা গ্রাউন্ডে এসে ছক্কা মারেন লং অনের ওপর দিয়ে। ৯৪ বলে ফিফটি করেছিলেন টাকার, চা-বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত পরের ৩৯ রান করেন ৩৮ বলে।

আয়ারল্যান্ড লিড পায় ৬৭তম ওভারে, তাইজুলের বলে মারা টাকারের চারে। এরপর থেকে বাউন্ডারি আসে নিয়মিতই, ৭৩ বলেই ফিফটি জুটি হয় ম্যাকব্রাইন-টাকারের। গতকাল সংবাদ সম্মেলনে এসে ইনিংস পরাজয় এড়ানোর ব্যাপারে আশাবাদী ম্যাকব্রাইন দারুণ সঙ্গই দিচ্ছেন টাকারকে।

উইকেটের জন্য সংগ্রামই করতে হচ্ছে বাংলাদেশের বোলারদের
ছবি: শামসুল হক

এর আগে প্রথম সেশনে শুধু পিটার মুরের উইকেটই হারায় আয়ারল্যান্ড। দিনের দ্বিতীয় ওভারেই অবশ্য একটা সুযোগ দিয়েছিলেন টেক্টর, তাইজুল ইসলামের বলে কট-বিহাইন্ডের সে সুযোগ অবশ্য নিতে পারেননি লিটন দাস। প্রথম ৩ ওভারে ১ রান আসার পর তাইজুলকেই লং অন দিয়ে ছক্কা মেরে কাটা ঘায়ে নুনের ছিটাই দেন টেক্টর।

পিটার মুর এরপর কাভার দিয়ে দারুণভাবে গ্যাপ বের করে চার মারেন তাইজুলকে, সাকিবের জায়গায় বোলিংয়ে আসা মিরাজকে রিভার্স সুইপে চার মারেন টেক্টর। এ সব বাদ দিলে টেক্টর ও মুরের মানসিকতা ছিল পরিষ্কার—টিকে থাকাটাই মূল। সেটি তারা করছিলেনও, দিনের প্রথম ১৫ ওভারে ওঠে মাত্র ২৪ রান।

এরপরই আর ধৈর্য ধরে রাখতে পারেননি মুর। পানি-পানের বিরতির ঠিক আগে তাইজুলের জায়গায় আসা পেসার শরীফুল ইসলামের অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া ব্যাট চালিয়ে কট-বিহাইন্ড হন ৭৮ বলে ১৬ রান করা মুর, যে বলটি চাইলে অনায়াসেই ছেড়ে দিতে পারতেন তিনি। মুরের আউটে ভাঙে ৩৮ রানের জুটি, যেটি টিকেছিল প্রায় ২৬ ওভার।

টাকারের সঙ্গে টেক্টটের জুটির শুরুটা তুলনামূলক দ্রুতগতির ও ইতিবাচকই ছিল। মিরাজকে রিভার্স সুইপের পর তাইজুলকে সুইপ করে চার মারেন টাকার, পরে ইবাদতকে পরপর দুটি পুল শটে মারেন চার। টেক্টর পরপর দুই বলে বাউন্ডারি পান শরীফুলের বলে। ৬২ রানে পিছিয়ে থেকে তখন মধ্যাহ্নবিরতিতে যায় সফরকারীরা।