৫ উইকেট পেয়েই খুশি নন শরীফুল, জিততে চান ম্যাকাই টেস্ট
গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে ওয়ানডেতে ৬ উইকেট নিয়েছিলেন। এবার অস্ট্রেলিয়ার শহর ম্যাকাইতে এসেও নিলেন ৬ উইকেট।
প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়ার পরও বাঁহাতি এই পেসারের ৬ উইকেটেই আজ ম্যাকাই টেস্টে ম্যাচে ফিরেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ৮ উইকেটে ১৬৫ রান নিয়ে, লিড ১০১ রানের।
ম্যাচ শেষে টেস্টে নিজের প্রথম ৫ উইকেট পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে শরীফুল বলেছেন, ‘অনুভূতি অবশ্যই ভালো। প্রথমত, ধন্যবাদ জানাই আল্লাহ–তাআলাকে। গতবার যেটা পেয়েছিলাম, ওটাও ভালো লেগেছিল। সত্যি আরও ভালো লাগত, যদি ম্যাচটা (মিরপুরের ওয়ানডে) জিততাম। ৫ উইকেট পেয়েছি বলে আমি এখনই খুব খুশি নই। যদি ম্যাচ জিতি তবে অনেক খুশি হব।’
শরীফুল ৬ উইকেট নেওয়ার আগে আজ অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্কও নিয়েছেন ৬ উইকেট। শরীফুল বলেছেন, বোলিংয়ে দুজনই পেয়েছেন ম্যাকাইয়ের বাতাসের সহায়তায় ‘আপনারা খেলা দেখেছেন। নতুন বলে সব সময় সুইং করছিল, প্রায় ২০-২৫ ওভার পর্যন্ত। ওরা সেই সুবিধা কাজে লাগিয়েছে।’
অস্ট্রেলিয়ান কন্ডিশনে সব সময় ফাস্ট বোলাররা ভালো করে। স্টার্ক অনেক দিন ধরে খেলছেন এবং ভালো করছিলেন। আমি দেখছিলাম কোন লেংথে বল করলে বোলারদের জন্য সুবিধা পাওয়া যায়।
ম্যাচের এক দিনেই পড়েছে ১৮ উইকেট, শেষ হয়ে গেছে প্রায় দুই ইনিংস। এই টেস্টে ফলাফল তাই অনিবার্যই। শরীফুলের আশা, পরের ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াবেন।
সে ক্ষেত্রে সেই ফলাফলটা আসতে পারে তাদের দিকেও, ‘ইনশা আল্লাহ, এখনো তো খেলা শেষ হয়নি। কেবল প্রথম দিন গেল। ব্যাটিংয়ে আজ আমাদের একটি খারাপ দিন গেছে। তবে তারাও তাদের কন্ডিশনে অনেক সংগ্রাম করছে। দেখা যাক কী হয়, আমরা দ্বিতীয় ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি।’
সকালে ড্রেসিংরুমে বসে স্টার্কের বোলিং দেখছিলেন শরীফুল। নিজ দলের ব্যাটসম্যানদের করুণ দশা দেখে নিশ্চয়ই খারাপ লেগেছে তাঁর। কিন্তু একই সঙ্গে কি এই উইকেটে নিজের বোলিং নিয়ে আশাবাদীও হননি!
দিন শেষে শরীফুল বলেছেন, ‘অবশ্যই, অস্ট্রেলিয়ান কন্ডিশনে সব সময় ফাস্ট বোলাররা ভালো করে। স্টার্ক অনেক দিন ধরে খেলছেন এবং ভালো করছিলেন। আমি দেখছিলাম কোন লেংথে বল করলে বোলারদের জন্য সুবিধা পাওয়া যায়।’
ব্যাটিংটা ভালো না হলেও শরীফুলের সৌজন্যেই প্রথম দিনেই বাংলাদেশ টেস্ট থেকে ছিটকে যায়নি, বরং ম্যাচে আছে ভালোভাবেই। তবে সেটা ধরে রাখতে হলে কাল সকালে অস্ট্রেলিয়ার লিডটা দ্রুত থামিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিংটা জরুরি। শরীফুলও বলেছেন, ‘আমরা এখনও খেলার মধ্যে আছি। ইনশা আল্লাহ, আমরা চেষ্টা করব দ্বিতীয় ইনিংসটি যাতে আমাদের পক্ষে থাকে। সবার সঙ্গে কথা হয়েছে, বিশেষ করে ব্যাটসম্যানদের সঙ্গে।’
শরীফুল প্রশংসা করেছেন স্টার্কের বোলিংয়েরও, ‘ওনার বোলিং আমার ভালো লাগে। দেশে আমার আদর্শ মোস্তাফিজ ভাই, তবে সুইংয়ের জন্য ওনাকেও পছন্দ করি। একই ম্যাচে উনিও ৬ উইকেট পেয়েছেন, আমিও পেয়েছি—এটি খুব ভালো লাগার বিষয়।’