প্রথম তিন ওভারে ৫০ রান, তবু জিততে পারল না ভারত

শেফার্ডের বলে আউট হয়ে ফিরছেন তিলক বর্মাএএফপি

সঞ্জু স্যামসন যেভাবে শুরু করেছিলেন, ভারতের সহজ জয়ই দেখে ফেলেছিলেন অনেকে। রান তাড়ায় প্রথম তিন ওভারেই ভারতের স্কোরবোর্ডে উঠে যায় ৫০ রান। ১৮ বল খেলে (একটি নো ডেলিভারিসহ) স্যামসন একাই তোলেন ৪৭ রান, অন্য প্রান্তে তখন ব্যাটিংয়ের সুযোগের অপেক্ষায় আরেক বিস্ফোক ব্যাটসম্যান অভিষেক শর্মা।

কিন্তু এমন দুর্দান্ত শুরুর পরও ভারতের শেষটা ভীষণ হতাশার। ওয়েস্ট ইন্ডিজের ২৪৭ রান তাড়ায় ভারত আটকে গেল ২২৩ রানে। কিমো পলের দারুণ বোলিংয়ে ২৪ রানে ম্যাচ জিতে সিরিজের চতুর্থ টি–টুয়েন্টি শেষে ২–২ সমতা নিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

হায়দরাবাদে ভারতের ব্যাটিংয়ে প্রথম ধাক্কা লাগে পঞ্চম ওভারে। নিজের প্রথম বলেই স্যামসনকে বাউন্ডারিতে ক্যাচে ফেরান পল। ২৩ বলের ইনিংসে ৬টি চার ও ৪টি ছয়ে ৫৬ রান করেন স্যামসন। শেষ পর্যন্ত ভারতের ১১ ব্যাটসম্যানের মধ্যে এটিই হয়ে যায় সর্বোচ্চ ইনিংস।

পল তাঁর প্রথম ওভারে শুধু স্যামসনকে নয়, ঈষাণ কিষাণকেও ফেরান। তবে এরপরও শ্রেয়াস আইয়ার, অভিষেক, তিলক বর্মাদের মতো টি–টুয়েন্টি বিশেষজ্ঞরা আছেন বলে ভারতের সম্ভাবনা ছিল যথেষ্টই।

কিন্তু দিনটাই আজ ভারতের ছিল না। ১১ বলে ১৬ রান করা আইয়ার আটকা পড়েছেন স্প্রিঞ্জারের বলে, আর অভিষেক তো বড় শট খেলতেই হিমশিম খেয়েছেন। শেষ পর্যন্ত ২৪ বলে ২৯ রান করে গুড়াকেশ মোতির বলে ক্যাচ দিয়েছেন ইনিংসের ১২তম ওভারে।

ভারতকে তবু ফিনিশিংয়ের দিকে টেনে নিয়ে গেছেন তিলক ও নীতিশ কুমাররা। ১৭ ওভার শেষে ২০০ রানেও পৌঁছে যায় দলটি।

তবে আরেকবার ভারতকে ধাক্কা দেন পল। উনিশতম ওভারে বোলিংয়ে ফিরে চার বলের মধ্যে ফেরান নীতিশ, প্রিন্স যাদব ও অক্ষর প্যাটেলকে। পল তাঁর চার ওভারের বোলিং কোটা শেষ করেন ৪১ রানে ৫ উইকেটে। শেষ ওভারে অর্শদীপ সিং রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়লে ভারত মাঠ ছাড়ে তিন বল বাকি থাকতেই।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের রান আড়াই শর কাছাকাছি যায় অধিনায়ক শাহ হোপ ও শারফেন রাদারফোর্ডের কারণে। ইনিংসের শেষ দুই বলে দুই ছক্কা মেরে ১০২ রানে অপরাজিত থাকেন হোপ। ৫০ বলে ৪ চার ও ৯ ছক্কায় করা সেঞ্চুরিটি সিরিজে তাঁর দ্বিতীয়। তাঁর সঙ্গে অবিচ্ছিন্ন ৯১ রানের জুটিতে সঙ্গ দেওয়া রাদারফোর্ড অপরাজিত থাকেন ২৬ বলে ৪৯ রানে।

সিরিজ–নির্ধারণী পঞ্চম ও শেষ টি–টুয়েন্টি শনিবার বেঙ্গালুরুতে।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২৪৭/৩ (হোপ ১০২*, রাদারফোর্ড ৪৯*, হেটমায়ার ৩৩; যাদব ১/৩৬)। ভারত: ১৯.৩ ওভারে ২২৩ (স্যামসন ৫৬, তিলক ৪৩, নীতিশ ৪১; পল ৫/৪১)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ২৪ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শাই হোপ।