বোর্ডসভার পর পদত্যাগ আরও এক বিসিবি পরিচালকের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ফাইয়াজুর রহমান। আজ বিসিবি সভার পর বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
ফাইয়াজুর বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। এ ছাড়া ঢাকার লিগগুলো আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমে ছিলেন ভাইস চেয়ারম্যানের ভূমিকায়।
পদত্যাগের খবর নিশ্চিত করে ফাইয়াজুর প্রথম আলোকে বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না।’
গত বছরের অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন ফাইয়াজুর। এ নিয়ে বর্তমান পর্ষদের চারজন পরিচালক পদত্যাগ করলেন। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন।
সবাই ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন। তবে এখন পর্যন্ত কারও পদত্যাগপত্রই গ্রহণ করার কথা জানায়নি বিসিবি।
গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত ১১ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে তাদের। তদন্ত চলার মধ্যেই সরে দাঁড়ালেন ইয়াসির ও ফাইয়াজুর।