ডাচ ইসলাম-বিদ্বেষী পার্লামেন্ট সদস্যকে হত্যার প্ররোচনায় পাকিস্তান ক্রিকেটারের বিচার শুরু

সাবেক পাকিস্তানি ক্রিকেটার খালিদ লতিফছবি: টুইটার থেকে

খালিদ লতিফ পাকিস্তানের হয়ে খুব বেশি ম্যাচ খেলেননি। ২০০৮ থেকে ২০১০-এর মধ্যে ওয়ানডে খেলেছেন ৫টি, টি-টোয়েন্টি ১৩টি। ২০১৬ সালের পর পাকিস্তানের হয়ে আর খেলার সুযোগ হয়নি তাঁর। ২০১৭ সালে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছর নিষিদ্ধ হওয়া খালিদের বিরুদ্ধে এবার হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিচারকাজ শুরু হয়েছে নেদারল্যান্ডসে।

দেশটির ইসলাম-বিদ্বেষী পার্লামেন্ট সদস্য গির্ট ভিল্ডার্সকে হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গতকাল ৩৭ বছর বয়সী লতিফের বিচার শুরু হয়েছে নেদারল্যান্ডসের আদালতে। তাঁর ১২ বছর কারাবাসের সাজা দাবি করেছেন কৌঁসুলিরা।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, খালিদ লতিফ এখন পাকিস্তানে অবস্থান করছেন। নেদারল্যান্ডসের সরকারি কৌঁসুলি জানিয়েছেন, ২০১৮ সালে এক অনলাইন ভিডিওতে গির্ট ভিল্ডার্সকে হত্যার জন্য ২১ হাজার ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন খালিদ লতিফ। ২০১৮ সালে হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রতিযোগিতার আয়োজন করেছিলেন গির্ট ভিল্ডার্স। এর প্রতিবাদে তুমুল বিক্ষোভ শুরু হয়, বিশেষ করে পাকিস্তানে। এরপর গির্ট ভিল্ডার্স মৃত্যুর হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছে এএফপি।

ম্যাচ গড়পেটার মামলায় আদালতে আইনজীবীর সঙ্গে খালিদ লতিফ (বাঁয়ে)। ছবিটি ২০১৭ সালের
ছবি: এএফপি

কৌঁসুলি এফ এ কুইপার্স আদালতে বিচারককে বলেছেন, সেই কার্টুন প্রতিযোগিতার প্রতিশোধ নিতে খালিদ লতিফ ভিল্ডার্সকে হত্যা করতে অন্যদের প্ররোচিত করেছিলেন। সহিংস পথ অবলম্বন করে তাঁর লক্ষ্য শুধু একজন মানুষের জীবন শেষ করে দেওয়া ছিল না, তিনি ডাচদের একজন প্রতিনিধিকেও নিশ্চুপ করে দেওয়ার চেষ্টা করেছেন। খালিদ লতিফের ১২ বছর কারাবাসের সাজা চেয়ে কুইপার্স আরও বলেছেন, কার্টুন প্রতিযোগিতা বন্ধে কাউকে হত্যার কথা বলা এবং এই প্রতিযোগিতার আয়োজককে হত্যা করতে টাকা দেওয়ার প্রস্তাবের কঠোর শাস্তি হওয়া উচিত।

আরও পড়ুন

আদালতে খালিদ লতিফ কিংবা তাঁর কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এএফপি জানিয়েছে, হেগে পাকিস্তানের দূতাবাস এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি এবং মন্তব্যের জন্য খালিদ লতিফকেও পাওয়া যায়নি। কুইপার্স জানিয়েছেন, কৌঁসুলিরা ২০১৮ সাল থেকে খালিদ লতিফের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন এবং পাকিস্তান সরকারকেও তাঁরা বিষয়টি জানিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি। পাকিস্তানের সঙ্গে আইনি সুবিধা আদান-প্রদান নিয়ে কোনো চুক্তি নেই নেদারল্যান্ডসের। কুইপার্স মন্তব্য করেন, লতিফের ঘিরে ওঠা প্রশ্নের জবাব মেলেনি।

অনলবর্ষী বক্তব্যের জন্য খ্যাতি ও কুখ্যাতি দুটোই কুড়ানো ভিল্ডার্স ২০০৪ সাল থেকে রাষ্ট্রীয় নিরাপত্তার অধীনে আছেন। কুইপার্স যুক্তি দেন, ‘কার্টুন প্রতিযোগিতায় যা-ই হোক, সে জন্য কাউকে হত্যা করতে মাথার দাম নির্ধারণ করার কোনো যুক্তি নেই।’ এএফপি জানিয়েছে, খালিদ লতিফ এখন করাচিতে ক্লাব ক্রিকেটে কোচিং করান।

আরও পড়ুন