ভারতের হারের পর ‘কাপকেক’ বিজ্ঞাপন মুছে দিল স্টার স্পোর্টস
এনডিটিভির শিরোনাম—‘টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রচারকারীর কুরুচিপূর্ণ ‘কাপকেক বিজ্ঞাপন’ এখন ভারতের জন্য দুঃস্বপ্ন’।
ইন্ডিয়া টুডের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম ‘কাপকেক বিজ্ঞাপন ডিলিট, চূর্ণ হলো অহংকার: এরপর কী পরিবেশন করছে স্টার স্পোর্টস?’
ভারতের দুটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এমন শিরোনামে প্রতিবেদন করেছে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারের পর। রোববার রাতে আহমেদাবাদে টি–টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচে প্রোটিয়াদের কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হেরেছে সূর্যকুমার যাদবের দল। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপের সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টসের একটি বিজ্ঞাপন নিয়ে ব্যপক সমালোচনা চলছে। ভারতের হারের পর স্টার স্পোর্টসের এক্স অ্যাকাউন্টে প্রমো বিজ্ঞাপনটি দেখা যাচ্ছে না।
কী ছিল সেই বিতর্কিত বিজ্ঞাপনে?
ভারতের ম্যাচ সামনে রেখে স্টার স্পোর্টস প্রায়ই প্রমো ভিডিও প্রকাশ করে। এবার সুপার এইটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কয়েক দিন আগে তেমনই একটি প্রমো প্রকাশ করা হয়। একটি ক্যাফেতে চিত্রায়িত সেই বিজ্ঞাপনে দেখা যায়, ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই সমর্থক টেবিলের শেষ কাপকেকটি তুলে নিতে এগিয়ে যাচ্ছিলেন, যা দ্রুত এগিয়ে হাতে তুলে নেন দক্ষিণ আফ্রিকান সমর্থক।
এ সময় ভারতীয় সমর্থক তাকে ২০২৪ বিশ্বকাপের ফাইনালে হারের কথা মনে করিয়ে দিয়ে বিদ্রূপ করেন। এমনকি বড় ম্যাচে দক্ষিণ আফ্রিকার ‘চোকার’ দুর্নাম নিয়েও ট্রল করা হয় সেই ভিডিওতে।
প্রেসিডেন্টের ডাকনামে দক্ষিণ আফ্রিকায় অসন্তোষ
বিজ্ঞাপনটি প্রকাশের পর এ নিয়ে সমালোচনা শুরু হয়। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার ডাকনাম ‘কাপকেক’। স্টার স্পোর্টসের ‘কাপকেক’ নিয়ে রসিকতা দেশটির সমর্থকেরা ভালোভাবে নেননি। তাদের পাশাপাশি অনেক ভারতীয়ও এক্স পোস্টে স্টার স্পোর্টসের প্রমোটির সমালোচনা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কাপকেকগেট হ্যাশটেগ দিয়ে অনেকে প্রশ্ন তোলেন, ভিউ বা হাইপ বাড়ানোর জন্য প্রতিপক্ষকে সম্মান জানানোর নূন্যতম সৌজন্যবোধ কি হারিয়ে ফেলেছে স্টার স্পোর্টস?
মাঠের লড়াইয়ে ‘ব্যাকফায়ার’
রোববার আহমেদাবাদে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয়ভাবে হারে ভারত। ১৮৭ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে অলআউট হয় সূর্যকুমার যাদবের দল। রান তাড়ায় শিবম দুবের ৪২ ছাড়া অন্য কেউ ২০ রানের ঘরেও পৌঁছাতে পারেননি। ভারতের এই অসহায় আত্মসমর্পণের পর নেটিজেনরা স্টার স্পোর্টসের তীব্র সমালোচনা করেন। ‘অতি আত্মবিশ্বাস’ ও ‘অহংকার’ কীভাবে বুমেরাং হতে পারে, তা নিয়ে পোস্ট করছেন তারা।
বিজ্ঞাপন উধাও
পরিস্থিতি বেগতিক দেখে স্টার স্পোর্টস তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ডিলিট করে দেয়। তবে তাতেও থামেনি ব্যঙ্গ-বিদ্রূপ। দক্ষিণ আফ্রিকান অভিনেতা ও ইনফ্লুয়েন্সার থানজা ভুর একটি পাল্টা ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, তিনি বেশ তৃপ্তি নিয়ে একটি কাপকেক খাচ্ছেন, পাশে স্ক্রিনে ভারতের হারের স্কোরকার্ডটি জ্বলজ্বল করছে। ক্যাপশনে লেখা— ‘সো সুইট!’
ইন্ডিয়া টুডের মন্তব্য প্রতিবেদনের শুরুতে লেখা হয়, ‘দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের শোচনীয় হারের পর যখন ‘কাপকেক’ প্রোমোটি সরিয়ে ফেলা হলো, সেটি লজ্জার চেয়েও বেশি কিছুর প্রতীক হয়ে দাঁড়ালো। এই ‘কাপকেক গেট’ উন্মোচিত করে দিয়েছে যে, কীভাবে ক্রিকেট সম্প্রচারে গভীর চিন্তাশীল গল্পের জায়গা দখল করে নিয়েছে ঔদ্ধত্য, অহেতুক উন্মাদনা এবং প্রতিপক্ষের প্রতি অসম্মান।’