বিপিএলে ফিক্সিংয়ের দায়ে সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ

বিপিএল ট্রফিপ্রথম আলো

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে আছেন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের সাবেক পরিচালক মোখলেছুর রহমানও। বাকি দুজন সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হাসান এবং অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের তিনজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা জানিয়েছে বিসিবি। আগামী ১৫ দিনের মধ্যে তাঁরা নিজেদের বিরুদ্ধে অভিযোগগুলো খণ্ডন করে বক্তব্য তুলে ধরতে পারবেন।

গত বিপিএলের সময় ফিক্সিংয়ের অভিযোগ উঠলে বিসিবির অডিট কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ান মোখলেছুর। এবার তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ার খবর দিয়েছে বিসিবি।

বিপিএলের ১২তম সংস্করণের কোনো ম্যাচের ফলাফল, অগ্রগতি, পরিচালনা অথবা অন্যান্য বিষয় বেআইনিভাবে প্রভাবিত করার চেষ্টা কিংবা ফিক্সিং–সংক্রান্ত চুক্তি বা প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকা; প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে প্ররোচিত করা, উসকানি দেওয়া বা সহায়তা করার অভিযোগ মোখলেছুরের বিরুদ্ধে।

এ ছাড়া কোনো দুর্নীতিমূলক প্রস্তাবে সাড়া বা আমন্ত্রণ পাওয়ার পর তা দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে বিস্তারিত না জানানো ও তদন্তের জন্য প্রাসঙ্গিক বা প্রমাণ হতে পারে, এমন কোনো যোগাযোগতথ্য ডিলিট বা ধ্বংস করে তদন্তে বাধা সৃষ্টি করার অভিযোগও আছে।

বিপিএলের একই আসরে দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হয়েছেন বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হাসান। ম্যাচের ফলাফল, অগ্রগতি বা অন্য বিষয় বেআইনিভাবে প্রভাবিত করার চেষ্টা করা বা এতে যুক্ত থাকার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।

এ ছাড়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিতে যুক্ত হতে প্ররোচিত বা উৎসাহিত করা, যুক্তিসংগত কারণ ছাড়াই তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া বা অস্বীকৃতি জানানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

শাস্তি পাওয়া তৃতীয় ব্যক্তি রাকিবুল ইসলাম সানি। তিনি বগুড়া জেলার সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সদস্যসচিব ছিলেন। দুর্নীতিমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রস্তাব পাওয়ার পরও তা জানাতে ব্যর্থ হওয়া এবং যুক্তিসংগত কারণ ছাড়া দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা বা অস্বীকৃতি জানানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন