ফাইনালে লিটনদের প্রতিপক্ষ নাজমুলরা

দুরন্তকে ৭ উইকেটে হারিয়েছে দুর্বারপ্রথম আলো

বড়দের সঙ্গে দৌড়ে পেরে উঠল না হাই পারফরম্যান্স আর অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদের নিয়ে গড়া দল দুরন্ত একাদশ। আগের ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতুর কাছে হারের পর এবার ‘এ’ দলের ক্রিকেটারদের দুর্বার একাদশের কাছে হেরেছে তারা।

মিরপুরে আজ আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে অদম্য বাংলাদেশ টি–টুয়েন্টির ফাইনালে উঠেছে দুর্বার।  

প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর আজ ফাইনালে উঠতে হলে বড় ব্যবধানে জিততে হতো দুরন্তকে। কিন্তু সেটির ভিত গড়ে দিতে পারেননি ব্যাটসম্যানরা। টস হেরে ব্যাট করতে নামা দুরন্ত শুরু থেকেই ধুঁকেছে।

প্রথম দুই ওভার শেষে দুরন্তের রান ছিল ৩ উইকেটে ৮। পরের ব্যাটসম্যানেরা বিপর্যয় সামাল দিলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। তিন নম্বরে নামা জাওয়াদ আবরারই যেমন আগের বলে ছক্কা মেরে পরের বলেই ক্যাচ তুলে দিয়েছেন।

দুরন্তের রান লড়াই করার মতো জায়গায় গেছে আরিফুল ইসলামের ৩২ বলে ৪১ আর মেহরব হোসেনের ২৩ বলে ৩৬ রানের ইনিংসের সুবাদে। বিশতম ওভারের পঞ্চম বলে অলআউট হওয়ার আগে ১৪৫ রান করে দুরন্ত। দুর্বারের হয়ে ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন খালেদ আহমেদ।

৪ উইকেট নেন খালেদ আহমেদ
প্রথম আলো

রান তাড়ায় দুর্বারের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় ওপেনিং জুটিতেই। হাবিবুর রহমানের ঝড়ে ৪ ওভারেই তারা ৫২ রান তুলে ফেলে। ৫ ছক্কা আর ১ চারের ইনিংসে তিনি ১৭ বলে করেন ৩৯ রান।

তাঁর বিদায়ের পর দলকে লক্ষ্যের দিকে নিয়ে যান আরেক ওপেনার মাহমুদুল হাসান। ৫১ বলে ৫৮ রান আসে তাঁর ব্যাট থেকে। তবে ২৪ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন নুরুল হাসান। ১৫ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় দুর্বার।

৫৮ রানের ইনিংস খেলেন মাহমুদুল হাসান
প্রথম আলো

লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু ও নাজমুল হোসেনের নেতৃত্বাধীন দুর্বারের মধ্যে ফাইনাল হবে সোমবার।

সংক্ষিপ্ত স্কোর:

দুরন্ত একাদশ: ১৯.৫ ওভারে ১৪৫ (আরিফুল ৪১, মেহরব ৩৬, গাফফার ১৮; খালেদ ৪/২৩, হাসান ২/২৭)।

দুর্বার একাদশ: ১৭.৩ ওভারে ১৪৯/৩ (মাহমুদুল ৫৮, হাবিবুর ৩৯, নুরুল ২৮*; গাফফার ৩/২৩)।

ফল: দুর্বার ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: খালেদ আহমেদ।