ভারত–পাকিস্তান ম্যাচে হিসাব–নিকাশ অনেক
আরেকটি ভারত-পাকিস্তান ম্যাচ। আবারও উত্তেজনা। এবার অবশ্য মাঠের খেলার উত্তেজনাটাই বেশি। আজ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে মাঠে নামবে দুই দল। দুই দলের সেমিফাইনাল খেলা অনেকটাই নির্ভর করছে সুপার সিক্সের এই ম্যাচের ওপর।
মাঠে নামার আগে কোন দলের কী অবস্থা
তিন ম্যাচে শতভাগ সাফল্য নিয়ে মাঠে নামবে ভারত। গ্রুপ পর্বে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারানোর পর সুপার সিক্সে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে পরাজিত করে আত্মবিশ্বাসে ভরপুর তারা। গ্রুপ ২ টেবিলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত।
পাকিস্তান বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয়। গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে হার ও জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের সঙ্গে সুপার সিক্সে নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটের বড় জয় পেয়েছে দলটি।
দুই দলের সামনে কী সমীকরণ
পাকিস্তানের বিপক্ষে জয় পেলে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত। উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে। হারলে পাকিস্তানের চেয়ে রানরেট বেশি থাকলে সেমিফাইনালে যাবে ভারত।
পাকিস্তানের সামনে পথ কঠিন। শেষ চার নিশ্চিত করতে হলে ভারতকে হারানোর পাশাপাশি নেট রান রেট উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে তাদের। পাকিস্তান যদি আগে ব্যাটিং করে ৩০০ রান করে তাহলে কমপক্ষে ৮৫ রানে জিততে হবে দলটিকে। ৩০০ রান তাড়া করলে ৩৫ ওভারের মধ্যে জিততে হবে পাকিস্তানের।
ভারত ও পাকিস্তান দুই দলই কি সেমিফাইনালে খেলতে পারে
না। নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার সিক্সের ম্যাচে ইংল্যান্ড জেতায় এই সম্ভাবনা আর নেই। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের যুবারা।