টিকে থাকার লড়াইয়ের আগে পাকিস্তানের দুঃসংবাদ
টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে ছিটকে পড়ার শঙ্কায় পাকিস্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে আশা বাঁচিয়ে রাখলেও সেমিফাইনালে ওঠার নাটাইটা আর নিজেদের হাতে নেই।
বাবর আজমের দলকে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে শেষ দুটি ম্যাচ জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলগুলোর দিকে। কঠিন সমীকরণ মাথায় নিয়ে সিডনিতে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। সে ম্যাচের আগে দলটি পেয়েছে বড় দুঃসংবাদ।
হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ফখর জামান। ৩২ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যানের জায়গায় ডাকা হয়েছে ২১ বছর বয়সী ব্যাটসম্যান মোহাম্মদ হারিসকে।
নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পান ফখর। এবারের বিশ্বকাপে সেটাই ছিল তাঁর প্রথম ম্যাচ। ৯২ রানের ছোট লক্ষ্য তাড়ায় নামেন তিনে। করেন ১৬ বলে ২০ রান।
ছন্দহীনতায় বাদ পড়া আসিফ আলীর জায়গায় সুযোগ মেলে তাঁর। ফখরের চোট নিয়ে পাকিস্তান দলের চিকিৎসক নাজিবউল্লাহ সুমরো বলেন, ‘হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে বেশ সময় লাগে। ফখর এ ব্যাপারে অবগত। দলও ঝুঁকি হিসেবে দেখছে। মনে হয় না ওকে আর বিশ্বকাপে দেখা যাবে।’
ফখরের হাঁটুর চোট নতুন কিছু নয়। এ চোটেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারেননি। সেরে উঠতে দেরি হচ্ছিল বলে শুরুতে তাঁকে বিশ্বকাপ দলে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছিল।
পরে চোটের কারণে লেগ স্পিনার উসমান কাদির ছিটকে গেলে মূল স্কোয়াডে ঢুকেন। আজ ফখরের জায়গায় একাদশে ফিরতে পারেন আসিফ। দক্ষিণ আফ্রিকার সঙ্গে পয়েন্ট হারালেই বিদায় ঘণ্টা বাজবে পাকিস্তানের।