মারামারির ঘটনায় কুশল মেন্ডিসের কোচের মৃত্যু
সুমিথ ফার্নান্দো শ্রীলঙ্কান ক্রিকেটে পরিচিত মুখ। তাঁর হাতে বেড়ে উঠেছেন শ্রীলঙ্কার উইকেটকিপার–ব্যাটসম্যান কুশল মেন্ডিস। পাশাপাশি আরও অনেক তরুণকে ক্রিকেটার তৈরি করেছেন এ কোচ। খেলোয়াড়দের মারমারিতে জড়িয়ে পড়ার একটি ঘটনায় মারা গেছেন ৬২ বছর বয়সী সুমিথ ফার্নান্দো।
কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবে মারামারির এ দুঃখজনক ঘটনা ঘটে। কোচের আকস্মিক প্রয়াণে শ্রীলঙ্কান ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। গত ৮ আগস্ট বিরোধের ঘটনার পর ফার্নান্দোকে হাসপাতালে নেওয়া হয় এবং গত মঙ্গলবার তিনি মারা যান।
স্কুল ক্রিকেটে মেন্টর হিসেবেও কাজ করেছেন ফার্নান্দো। এই স্কুল ক্রিকেটেই মেন্ডিসকে তৈরি করেন তিনি।
ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, অনুশীলরত তরুণ ক্রিকেটারদের একটি দল খাওয়ার পানি আনতে গিয়ে দেখে, কোনো সাপ্লাইয়ের পানি নেই। এ নিয়ে খেলোয়াড় ও ক্লাবের কর্মীদের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে উপস্থিত থাকা ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের কিউরেটর ফার্নান্দো হস্তক্ষেপ করেন।
পুলিশ জানায়, দুই খেলোয়াড়কে জড়িয়ে মারামারির ঘটনা ঘটে। তাতে আঘাত পান ফার্নান্দো। তাঁকে চিকিৎসার জন্য খুব দ্রুত কলম্বোর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক স্কুল ক্রিকেটারের জড়িত থাকার অভিযোগ ওঠে।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম শ্রীলঙ্কা মিরর জানিয়েছে, সিনেম্যান গার্ডেনস থানার পুলিশ ১৭ বছর বয়সী এক ক্রিকেটারকে এ ঘটনায় গ্রেপ্তার করেছে। তাঁকে ১৭ আগস্ট পর্যন্ত প্রবেশন ও শিশুকল্যাণ অধিদপ্তরের তত্ত্বাবধানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ১১ আগস্ট এই সন্দেহভাজনকে কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়, যেখানে এই আদেশ দেওয়া হয়।
প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ‘সন্দেহভাজন ব্যক্তিসহ মাঠে প্রশিক্ষণরত একদল ক্রিকেটার পানি খাওয়ার জন্য একটি ট্যাপের কাছে যান, কিন্তু সেখানে কোনো পানি পাওয়া যায়নি।’ পুলিশ জানিয়েছে, ক্লাবের কর্মী ১৭ বছর বয়সী ওই ক্রিকেটারকে মারার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে, যার জবাবে সেও পাল্টা আঘাত করে।