অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মিরাজ

ডারউইন টেস্ট জয়ের স্মারক হিসেবে ম্যাচের স্টাম্প হাতে মিরাজপ্রথম আলো

স্বপ্ন দেখলে নাকি বড় করেই দেখতে হয়। মেহেদী হাসান মিরাজের স্বপ্নটাও বেশ বড়। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তাতে আগামী বছরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে বাংলাদেশের জন্য।

ডারউইন টেস্টে গতকাল চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আইসিসির ওয়েবসাইটকে সিরিজ জয়ের স্বপ্ন দেখার কথা জানিয়েছেন মিরাজ।

এই স্পিন বোলিং অলরাউন্ডারের বিশ্বাস, অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টেও হারানোর মতো অবস্থানে রয়েছে বাংলাদেশ দল। প্রথম টেস্ট জয়ের পর এমন ভাবনাই অবশ্য স্বাভাবিক। মিরাজের ভাষায়, ‘অবশ্যই আমরা সেভাবেই (সিরিজ জয়) ভাবছি এবং আমরা যে প্রক্রিয়ায় এগোচ্ছি, সেটিতেই মনোযোগ ধরে রাখতে চাই।’

মিরাজ এরপর বলেন, ‘যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, এখন সামনে আরও বড় চ্যালেঞ্জ। (তবে) টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়। এ মুহূর্তে আমরা শুধু ছান্দসিক ধারাটা ধরে রাখতে চাই, আর পরের ম্যাচ নিয়ে আমরা পরিকল্পনা করব পরে।’

টেস্ট জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের উদ্‌যাপন
প্রথম আলো

ম্যাকাইয়ে আগামী শনিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ডারউইনে বাংলাদেশের জয়ে দারুণ পারফর্ম করেন মিরাজ। বাংলাদেশের প্রথম ইনিংসে টেলএন্ডারদের নিয়ে লড়াই করে ফিফটি তুলে নেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। মিরাজের দুর্দান্ত এ পারফরম্যান্সের পাশাপাশি তানজিদ হাসান সেঞ্চুরি করলেও ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ার দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়া হাসান মাহমুদ।

ডারউইন টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে হারে বাংলাদেশ। মিরাজ জানান, প্রস্তুতি ম্যাচে হার দিয়ে সফর শুরু করলেও দলের সামর্থ্যের ওপর টিম ম্যানেজমেন্ট কখনো বিশ্বাস হারায়নি।

আরও পড়ুন

মিরাজের ভাষায়, ‘যখন আমি নিজেই ছন্দে ছিলাম না, তখন আমাদের টিম ম্যানেজার নাফিস ইকবাল এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, সে বিষয়ে আমাকে দারুণ উৎসাহ জুগিয়েছেন। মানসিকভাবে আমি বেশ স্বস্তিতে ছিলাম এবং তাঁর সঙ্গে অনেক কথা বলেছি। একপর্যায়ে তিনি নেটেও আমাকে বল করেন।’

ডারউইন টেস্টে দারুণ পারফম্যান্স করেন মিরাজ
প্রথম আলো

বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকেও কৃতিত্ব দিয়েছেন মিরাজ, ‘মুশতাক আহমেদ ভাইয়ের কথাও আমি বলতে চাই। প্রথম ম্যাচে (প্রস্তুতি ম্যাচ) হেরে যাওয়ার পর তিনি দলের প্রত্যেক ক্রিকেটারের কাছে গেছেন এবং বলেছেন, “বিশ্বাস রাখো। যদি তোমরা বিশ্বাস করো, তবে জেতা সম্ভব এবং বিশ্বাস অনেক দূর নিয়ে যেতে পারবে।” এই ছোট ছোট বিষয়গুলো থেকেই আমরা বিশ্বাস করতে শুরু করি আর আপনারা সবাই ফল দেখতে পাচ্ছেন।’

ম্যাকাই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসবে বাংলাদেশ। নাজমুল হোসেনের দল তা পারবে কি না, সেটি সময় হলেই জানা যাবে। তবে অস্ট্রেলিয়া সফরে আপাতত একটি বিষয় নিশ্চিত। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ হারছে না বাংলাদেশ।

আরও পড়ুন