পাকিস্তান সেই একই বৃত্তে, এবার অলআউট ১৩৩ রানে

অধিনায়ক বাবর আজম আউট হয়েছেন ৭ রান করেরয়টার্স
পাকিস্তান প্রথম ইনিংস: ৩৩.৫ ওভারে ১৩৩।

কোচ বদলাল, খেলোয়াড়ও বদলাল, ভেন্যু তো বদলালই।

কিন্তু পাকিস্তান ক্রিকেট দল আটকে থাকল সেই একই বৃত্তে। সিরিজের প্রথম দুই টেস্টের মতো এবার তৃতীয় টেস্টেও হুড়মুড় করে ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং লাইন–আপ। আজ এজবাস্টন টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হয়েছে বাবর আজমের দল।

এ নিয়ে টানা পঞ্চম ইনিংসে দুই শর কমে থামল পাকিস্তানের ইনিংস, যার মধ্যে ১৫০ রানের কমে আটকাল টানা তৃতীয়বার।

হেডিংলিতে ইনিংস ব্যবধানে ও লর্ডসে ১৯৪ রানে হারের পর প্রধান কোচ সরফরাজ আহমেদসহ দুই কোচ ও সাত খেলোয়াড়কে স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ডাকা হয়েছিল পাঁচজনকে। আজ শুরু তৃতীয় টেস্টে তাঁদের মধ্য থেকে তিনজনের অভিষেকও হয়েছে। একজন উইকেটকিপার–ব্যাটসম্যান, বাকি দুজন পেসার।

১০ বল খেলে কোনো রান করতে পারেননি সাইম আইয়ুব
রয়টার্স

কিন্তু টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ভুগল সেই ব্যাটিংয়েই। দেড় বছর পর টেস্টে ফেরানো সাইম আইয়ুব আউট হয়েছেন তৃতীয় ওভারে। গত সপ্তাহেও ত্রিনিদাদে সিপিএল খেলতে থাকা এই বাঁহাতি এলবিডব্লু হয়েছেন ওলি রবিনসনের বলে। এরপর শুধু আসা–যাওয়ার মিছিলই হয়েছে।

আরও পড়ুন

সর্বোচ্চ ২৬ রানের জুটি হয়েছে দশম উইকেটে মোহাম্মদ আব্বাস–মোহাম্মদ আলীর মধ্যে। দুই বোলারের জুটিটি টিকেছে ইনিংস সর্বোচ্চ ২৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান বাবর–সৌদ শাকিলের পঞ্চম উইকেটে।

ইনিংসের শুরুতেই খেই হারিয়ে ফেলা পাকিস্তান পাঁচ উইকেট হারায় ৪৮ রানে। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের পর ৫০–এর আগে পাকিস্তানের অর্ধেক উইকেট গেল এই প্রথম। প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। সব মিলিয়ে ১১ জনের আটজনই আউট হয়েছে দশ রানের কমে।

জশ টাং নেন ৪ উইকেট
রয়টার্স

দুই টেল এন্ডারের আগে পাকিস্তানের ইনিংসে যা একটু ব্যাটিং করেছেন সৌদ শাকিল। ৬ নম্বরে নামা এই বাঁহাতি প্রতি–আক্রমণে রান তোলার চেষ্টা করেছেন। জশ টাংয়ের বলে বোল্ড হওয়ার আগে ৪৭ বলে ৭ চারে করেছেন ৪৩ রান।

ইংল্যান্ডের হয়ে টাং নেন ৪২ রানে ৪ উইকেট। রবিনসন ও আর্চারের শিকার ৩টি করে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস: ৩৩.৫ ওভারে ১৩৩ (শাকিল ৪৩, আব্বাস ২১, রাজাউল্লাহ ১১; টাং ৪/৪২, রবিনসন ৩/১৫, আর্চার ৩/২৫)।

আরও পড়ুন