‘আমি তোমার ওপর লক্ষ রাখতে চাই। আমার ধারণা খুব দ্রুতই তোমার ম্যাচের ধারাভাষ্য দেব আমরা। আমার ধারণা তুমি ১৫ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ফেলবে!’
১৩ বছর বয়সী রেহান আহমেদকে নেটে বোলিং করতে দেখে বলেছিলেন শেন ওয়ার্ন। রেহান ১৫ বছরে নয়, ১৮ বছর বয়সে করেছেন প্রথম শ্রেণির অভিষেক। তবে পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারও হয়ে গেছেন। সেই রেহানই আজ গড়ে ফেললেন আরেকটি ইতিহাস। টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে অভিষেকেই ৫ উইকেটের কীর্তি গড়লেন এ লেগ স্পিনার। ওয়ার্ন ধারাভাষ্যে নেই, থাকলে নিশ্চিতভাবে খুশিই হতেন!
রেহানের দুর্দান্ত বোলিংয়ের পরই বদলে গেছে করাচি টেস্টের গতিপথ। ৩ উইকেটে ১৬৪ রান থেকে ২১৬ রানেই দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে পাকিস্তান। ১৬৭ রানের লক্ষ্যে খুব স্বাভাবিক বানিয়ে ফেলা ঝোড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৭ ওভারেই ২ উইকেটে ১১২ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। আলোকস্বল্পতায় আজই ম্যাচে ফল আনা সম্ভব হয়নি, তবে পাকিস্তানকে ধবলধোলাই করা এখন বেন স্টোকসের দলের জন্য সময়ের অপেক্ষাই। দুদিন বাকি থাকতে তাদের প্রয়োজন ৫৫ রান, হাতে ৮ উইকেট।
বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান। আবদুল্লাহ শফিক ও শান মাসুদের ওপেনিং জুটি যায় ৫৩ রান পর্যন্ত। জ্যাক লিচের তোপে এরপর ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। শফিক হন এলবিডব্লু, মাসুদ ও আজহার আলী হন বোল্ড। ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে আজহার ফেরেন ৪ বল খেলে কোনো রান না করেই।
সৌদ শাকিল ও বাবর আজম এরপর গড়েন প্রতিরোধ। মধ্যাহ্নবিরতির আগে-পরে দুজনের জুটিতে ওঠে ১১০ রান। সে জুটি ভাঙেন রেহানই। তাঁর নিরীহ গোছের বলে মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন পাকিস্তান অধিনায়ক বাবর, ৫৪ রান করে। পাকিস্তান ইনিংসে দ্বিতীয় দফা ধসের শুরুও সেখানেই।
চা-বিরতির আগে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলকেও হারায় স্বাগতিকেরা, দুটি উইকেটই নেন রেহান। রিজওয়ান দারুণ লেগ স্পিনিং ডেলিভারিতে হন কট বিহাইন্ড, শাকিল ক্যাচ তোলেন সুইপ করতে গিয়ে। মাঝে ফাহিম আশরাফ জো রুটের শিকার, মার্ক উড ফেরান নোমান আলীকে। মোহাম্মদ ওয়াসিমকে ফিরিয়ে চতুর্থ শিকার করেন রেহান, আগা সালমান তাঁর পঞ্চম উইকেট।
করাচি টেস্ট শুরুর সময় রেহানের বয়স ছিল ১৮ বছর ১২৬ দিন। তিনি ভাঙলেন প্যাট কামিন্সের রেকর্ড। অভিষেক ম্যাচে ৫ উইকেট নেওয়ার সময় অস্ট্রেলিয়া পেসারের বয়স ছিল ১৮ বছর ১৯৩ দিন।
১৬৭ রানের লক্ষ্য, ইংল্যান্ড এরপর সেটিই করল, সম্প্রতি যা করে এসেছে তারা। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট প্রথম ৩ ওভারেই তুলে ফেলেন ৩৪ রান। ১১ ওভারেই উঠে যায় ৮৭ রান। পাকিস্তানকে ব্রেকথ্রু দেন আবরার আহমেদ, এ লেগ স্পিনারের বলে এলবিডব্লু হন ৪১ বলে ৪১ রান করা ক্রলি।
ইংল্যান্ড এরপর নাইটহক হিসেবে পাঠায় রেহানকেই। মুখোমুখি প্রথম বলেই চার মারেন তিনি। যদিও বেশিক্ষণ টেকেননি, ৮ বলে ১০ রান করে আবরারের দ্বিতীয় শিকার তিনি। অধিনায়ক বেন স্টোকস নেমেও ব্যাট চালিয়েছেন, তবে ১৫ বলে ১০ রানের বেশি করতে পারেননি। তবে এ সফরে নিজেকে নতুন করে ফিরে পাওয়া বেন ডাকেট পেয়েছেন আরেকটি ফিফটি, দিন শেষে ৩৮ বলে ৫০ রানে অপরাজিত তিনি।