‘ফিল্ডিংয়ে আমাদের একটু ঘাটতি আছে’

সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা পুড়িয়েছে অধিনায়ক সাকিবকেছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তাইজুল ইসলাম বলেছিলেন, ভারতকে সেদিনই অলআউট করার সুযোগ ছিল তাঁদের। আজ মিরপুর টেস্টের দ্বিতীয় দিন এসে তাইজুল বললেন, সুযোগ নিতে পারলে আরও আগেই ভারতকে অলআউট করতে পারতেন তাঁরা, লিড নিতে পারত বাংলাদেশ।

দুটি টেস্টে ফিল্ডিংয়ে তাই একই আক্ষেপে পুড়তে হলো বাংলাদেশ দলকে। তবে তাইজুল স্বীকার করে নিলেন, এখানে তাঁদের একটু ‘ঘাটতি’ আছে।

আরও পড়ুন

প্রথম সেশনে ৩ উইকেট নিয়ে ভারতের ওপর চাপ তৈরি করলেও দ্বিতীয় সেশনে সুযোগ হাতছাড়া করার মাশুল বাংলাদেশ দিয়েছে ভালোভাবেই। দুটি মোটামুটি কঠিন ক্যাচের সঙ্গে হাতছাড়া হয়েছে মোটামুটি সহজ একটি ক্যাচ, নেওয়া যায়নি সহজতম স্টাম্পিংয়ের সুযোগও। সে সময় প্রতি-আক্রমণ করতে থাকা ঋষভ পন্ত ও শ্রেয়াস আইয়ার খেলেছেন ৮০ পেরোনো দুটি ইনিংস, ভারতও পেয়েছে লিড।

দিন শেষে দলের কেমন অবস্থা, এমন প্রসঙ্গে তাইজুল শুরুতে অবশ্য বোলারদের ওপরই দায়টা নিতে চাইলেন, ‘সব মিলিয়ে বলতে গেলে, মাঝের সেশনটা আসলে একটু আমাদের ব্যয়বহুল হয়ে গেছে। আমরা যদি ওই সময়টা আরও একটু কম রান দিয়ে রাখতে পারতাম, উইকেট যদি না-ও আসত, একটু কম রান দিলে আরও ভালো অবস্থায় থাকতে পারতাম। তারপরও আমি বলব যে আমরা খুব যে খারাপ জায়গায় আছি, তা নয়।’

৪ উইকেট নেন তাইজুল
ছবি: শামসুল হক

তবে ফিল্ডিংয়ে সুযোগ নিতে পারলে পরিস্থিতিটা ভিন্ন হতে পারত, তাইজুল জানেন সেটি, ‘সেই সময় দু-তিনটা সুযোগ এসেছিল। আমরা যদি ওই দু-তিনটা সুযোগ নিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের রানের (স্কোরের) আগেই তাদের অলআউট করা সম্ভব ছিল। তো সুযোগ নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন
আরও পড়ুন

এ পরিস্থিতি থেকেও জয়ের আশা করা তাইজুল বলছেন, ভারতের মতো দলকে হারাতে পারলে তাঁদের ‘ভালো লাগবে’। তবে সুযোগ নেওয়া প্রসঙ্গে এটিও বললেন, ‘আসলে সত্যি কথা বলতে, আমাদের এখানে একটু ঘাটতি আছে। ঘাটতিটা এ রকম যে বড় বড় দলের সঙ্গে খেলতে গেলে হয়তোবা (প্রতিপক্ষ দল) এ সুযোগগুলো পায় না। বাংলাদেশের সঙ্গে হয়তোবা দু-একটা সুযোগ দলগুলো পেয়ে থাকে। ইনশা আল্লাহ আমরা দ্রুতই (ঘাটতি) পূরণ করার চেষ্টা করব।’

সাকিবও নিয়েছেন ৪ উইকেট
ছবি: প্রথম আলো

এমন উইকেটে সুযোগ তৈরি করেও উইকেট না পাওয়া কতটা হতাশার, এমন প্রশ্নের জবাবে তাইজুল বলেছেন, ‘যদি মাঠের মধ্যে আমার মাথা না–ই চলে, তখন পরের বল করাটা অনেক কঠিন হয়। তো এগুলো আসলে ভুলে যাওয়াটাই ভালো।’

আরও পড়ুন