ধূমকেতুর ছায়ায় থাকা ‘জাতীয় দল’কে জেতালেন লিটন–রিশাদ

ফিফটি করেছেন লিটন ও সাইফশামসুল হক

লিটন দাস আজ যখন মিরপুরে ধূমকেতু একাদশের হয়ে টস করতে নামেন, তার কয়েক ঘণ্টা আগেই মুম্বাই আর কলম্বোতে ‘ক্যাপ্টেনস ডে’তে পাশাপাশি বসেছিলেন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ২০ দেশের অধিনায়ক। পরে ছবিটা দেখে লিটনের আফসোস হয়েছে কি না, কে জানে। সবকিছু ঠিক থাকলে তো বাংলাদেশের অধিনায়ক হিসেবে ছবির ফ্রেমে থাকার কথা ছিল তাঁরও!

টি–টুয়েন্টি বিশ্বকাপ না খেলার সেই আফসোস কিছুটা কমাতেই তিন দলের অদম্য বাংলাদেশ টি–টুয়েন্টি কাপের আয়োজন বিসিবির। ম্যাচের আগে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রথম দিন গান গেয়েছে ওয়ারফেজ। গ্যালারিতে হাজির হয়েছিলেন হাজার পাঁচেক দর্শক। ঘরোয়া ক্রিকেটে বিপিএল ছাড়া এখন আর এত দর্শক হয় না গ্যালারিতে। অবশ্য দর্শকদের বেশির ভাগই ছিল শিক্ষার্থীদের জন্য ফ্রি করে দেওয়া গ্যালারিতে।

দুরন্ত একাদশের বিপক্ষে ধূমকেতু একাদশের ৬ উইকেটে জেতা ম্যাড়মেড়ে ম্যাচে যিনি বেশি আলো ছড়িয়েছেন, গত মাসখানেক তাঁর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ একটু কমই ছিল। দেশে যখন ক্রিকেটাররা বিপিএলে ব্যস্ত, রিশাদ তখন দাপুটে ক্রিকেট খেলছেন বিগ ব্যাশে। বিগ ব্যাশের সেই ফর্মটাই যেন অদম্য বাংলাদেশ টি–টুয়েন্টিতেও টেনে এনে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৪ ওভারে ২১ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট।

টুর্নামেন্টের প্রথম দিনে একটা ‘প্রথমের’ও সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। টি–টুয়েন্টিতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ‘সুপার সাব’ হিসেবে নেমেছেন দুরন্ত একাদশের জাওয়াদ আবরার। নাহিদ রানার জায়গায় ব্যাটিং করেছেন তিনি, নাহিদ করেছেন বোলিং।

আরও পড়ুন

তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ হিসেবে ধূমকেতু–দুরন্ত লড়াই তেমন রোমাঞ্চই জাগাতে পারেনি। তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া অনেকটা ‘ছায়া জাতীয় দল’ ধূমকেতু প্রত্যাশিত সহজ জয়ই পেয়েছে। তাদের সামনে তেমন কোনো লড়াই করতে পারেনি হাই পারফরম্যান্স আর সদ্য অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের নিয়ে গড়া দুরন্ত একাদশ।

ম্যাচসেরা হয়েছেন লিটন
প্রথম আলো

ব্যাটিংয়েই তারা বেশি ব্যর্থ। কেউ কেউ সামান্য ঝলক দেখালেও টি–টোয়েন্টির মেজাজ ছিল না কারও ব্যাটে, বড় ইনিংসও হয়নি। জিসান আলম পরপর ২ বলে তানজিম হাসানকে চার আর ছক্কা মেরে পরের বলে হয়ে গেছেন বোল্ড। উইকেটে এসে প্রথম বলে ছক্কা মারা আকবর আলীও পারেননি কার্যকর কিছু করতে।

জাতীয় দলের অভিজ্ঞ বোলাররাই দুরন্ত একাদশের ব্যাটসম্যানদের ইনিংস বড় করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। রিশাদের বলে আউট হয়েছেন আজিজুল হাকিম, আরিফুল ইসলাম ও আকবর আলী। প্রত্যেকেই ক্যাচ দিয়েছেন বড় শট খেলতে গিয়ে। ৩৬ বল খেলা মাহফিজুলের ৩৯ রানই হয়ে থেকেছে তাদের দলীয় সর্বোচ্চ।

১৬তম ওভার শেষ হওয়ার আগেই ১১৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পর ‘সুপার সাব’ হিসেবে জাওয়াদ আবরারকে ব্যাটিংয়ে পাঠায় দুরন্ত। কিন্তু টপ অর্ডারে ব্যাটিংয়ে অভ্যস্ত জাওয়াদ ৮ বলে ১০ রানের বেশি করতে পারেননি। তবে তাঁর সঙ্গে আব্দুল গাফফারের ২৪ রানের জুটি দুরন্তের রানটাকে ১৪০ পার করে দেয়।

৩ উইকেট পেয়েছেন রিশাদ
প্রথম আলো

১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লক্ষ্যে পৌঁছাতে কোনো কষ্টই করতে হয়নি ধূমকেতু একাদশের। তানজিদের আউটে ভেঙে গিয়েছিল ৩৪ রানের উদ্বোধনী জুটি। এরপর ৭৮ রানের জুটিতে ধূমকেতুকে জয়ের কাছাকাছি নিয়ে যান সাইফ হাসান আর অধিনায়ক লিটন দাস। সাইফ আউট হয়ে গেলেও লিটনের ৪৩ বলে ৪৫ রানের ইনিংসে ২৩ বল হাতে রেখেই জয় পায় ধূমকেতু।

আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ধূমকেতু একাদশ মুখোমুখি হবে নাজমুল হোসেনের দুর্বার একাদশের। তার আগে বিকেল চারটায় শুরু হওয়া সাংস্কৃতিক আয়োজনে গান গাইবেন সংগীতশিল্পী মিলা।

সংক্ষিপ্ত স্কোর

দুরন্ত একাদশ: ১৯.৫ ওভারে ১৪৩ (মাহফিজুল ৩৯, আকবর ১৮, মেহরব ১৫; রিশাদ ৩/২১, তানজিম ২/৩৭)।
ধূমকেতু একাদশ: ১৬.১ ওভারে ১৪৬ (লিটন ৬৫, সাইফ ৫০, তানজিদ ১৭; মেহরব ৩/২৩, রিপন ১/৩৯)১।