বিশ্বকাপ–যাত্রার কয়েক ঘণ্টা আগে জিম্বাবুয়ের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ক্লুজনার

ল্যান্স ক্লুজনারছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কেমন কাণ্ড! দল টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রওনা হয়ে যাবে সন্ধ্যায়। এর আগে খবর এল ব্যাটিং কোচ পদত্যাগ করেছেন, তিনি যাবেন না দলের সঙ্গে। ঘটনাটি আজ ঘটেছে জিম্বাবুয়ের ক্রিকেটে।

টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ক্রেগ আরভিন–সিকান্দার রাজারা বিমানে ওঠার কয়েক ঘণ্টা আগে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানিয়েছে, ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার দলের সঙ্গে যাচ্ছেন না।

হুট করে বিশ্বকাপের আগমুহূর্তে ক্লুজনারের দায়িত্ব ছেড়ে দেওয়া নিয়ে একটি বিবৃতি দিয়েছে জেডসি। সেখানে ক্লুজনার আর বোর্ডের পারস্পরিক সমঝোতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তারা লিখেছে, ‘তাঁর এজেন্ট জানিয়েছে, বিশ্বের অন্য কোনো জায়গার ক্রিকেটে জড়িত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্লুজনার। যার ফলে তিনি আমাদের জাতীয় দলকে পূর্ণ সময় দিতে পারবেন না।’

অনুশীলনে জিম্বাবুয়ের কোচিং স্টাফরা
ছবি: টুইটার

আসছে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় প্রথম ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি–টোয়েন্টি শুরু হবে। টুর্নামেন্টে ডারহাম ফ্রাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব নেবেন ক্লুজনার। জুলাইয়েই দায়িত্বটি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার।

ক্লুজনার দ্বিতীয় দফায় জিম্বাবুয়ের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছিলেন এ বছরের মার্চে। এর আগে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত একই দায়িত্বে ছিলেন। দ্বিতীয় দফায় ক্লুজনার যে সাত মাস এ দায়িত্বে ছিলেন, সেই সময়ে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেও হারিয়েছে।

ল্যান্স ক্লুজনার ও মুশফিকুর রহিম
ফাইল ছবি

জিম্বাবুয়ের ক্রিকেটে ক্লুজনারের অবদানের কথা উল্লেখ করে জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি বিবৃতিতে বলেছেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপের বাছাইসহ গত কয়েক মাসে ল্যান্স যে অবদান রেখেছেন, আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

দুর্ভাগ্যজনকভাবে অন্য কোথাও কথা দিয়ে রাখায় আমাদের সঙ্গে পূর্ণ সময়ের জন্য কাজ করে যেতে পারছেন না। আমরা দুই পক্ষ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তিতে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। ক্লুজনারের জন্য আমাদের শুভকামনা থাকল।’
দুই দফায় জিম্বাবুয়ের ব্যাটিং কোচের দায়িত্ব পালনের মাঝখানে ২০১৯ থেকে ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আফগানিস্তানের প্রধান কোচ ছিলেন ক্লুজনার।