এর চেয়ে সহজ সুযোগ শর্ট লেগে দাঁড়িয়ে হয়তো খুব একটা পাবেন না মুমিনুল হক। রবিচন্দ্রন অশ্বিন তখন ব্যাটিং করছিলেন ১ রানে, মেহেদী হাসান মিরাজের বলে তাঁর গ্লাভসে লেগে ক্যাচ গিয়েছিল মুমিনুলের কাছে। গতকাল এ পজিশনেই বাঁ দিকে নিচু হয়ে বিরাট কোহলির দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন মুমিনুল, আজ ফেলে দিলেন সহজ একটি। সেই অশ্বিন শেষ পর্যন্ত করেছেন অপরাজিত ৪২ রান, অষ্টম উইকেটে শ্রেয়াস আইয়ারের সঙ্গে তাঁর জুটিই মিরপুরে দারুণ এক জয় এনে দিয়েছে একসময় খাদের কিনারে চলে যাওয়া ভারতকে।
মুমিনুল ক্যাচ ফেলার সময় শর্ট মিডউইকেটে ছিলেন সাকিব, হতাশায় প্রায় শুয়েই পড়েন এরপর। অশ্বিন ও শ্রেয়াসের জুটি এরপর আর ভাঙতে পারেনি বাংলাদেশ। খুব কাছে গিয়েও ভারতের কাছে হারতেই হয়েছে। প্রথম ইনিংসেও ভারতকে বাগে পেয়েছিল বাংলাদেশ, ফিল্ডিংয়ে একাধিক সুযোগ হাতছাড়ার মাশুল দিতে হয়েছে। দ্বিতীয় ইনিংসেও হলো অমনই। শুধু এই টেস্ট নয়, চট্টগ্রাম টেস্টেও বাংলাদেশের ফিল্ডিং ছিল আলোচনায়।
ফিল্ডিংয়ে বাংলাদেশ যতগুলো সুযোগ প্রতিপক্ষ ভারতকে দিয়েছে, আর কোনো দলই এমন দিত না বলে মনে করেন সাকিব। স্কিলের দিক দিয়ে ব্যাটিং ও বোলিংয়ে অন্য দলগুলোর সঙ্গে পার্থক্য খুব বেশি নয় বলেও মনে করেন তিনি। ফিল্ডিংয়ের কারণে বোলারদের কাজটা কঠিন হয়ে যায়, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি। ‘হাফ চান্স’ তো দূরের কথা, বাংলাদেশ যে সহজ সুযোগই হাতছাড়া করছে বারবার!
অনেকটা পিছিয়ে থেকেও মিরপুর টেস্টে অভাবনীয় এক জয়ের দারুণ সম্ভাবনাই তৈরি করেছিল বাংলাদেশ। আজ সকালে তৈরি করা চাপ ধরে রাখতে পারেনি তারা শেষ পর্যন্ত। আলোচনায় স্বাভাবিকভাবেই এসেছে ফিল্ডিংয়ের প্রসঙ্গও। সম্প্রতি বাংলাদেশের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট এসে ক্যাচ মিসের পক্ষে একরকম সাফাই গেয়েছিলেন। তবে পিচ্ছিল ফিল্ডিং বাংলাদেশকে ভোগাচ্ছে বেশ কিছুদিন ধরেই।
কেন এমন হচ্ছে, ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমার মনে হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভালো ফিল্ডিং করেছি। বেশ ভালো করেছি। ওয়ানডে সিরিজেও (ভারতের বিপক্ষে) ভালো করেছি। টেস্ট ম্যাচে আমরা ওইভাবে ভালো করতে পারিনি। হতে পারে মনোযোগের ঘাটতি, কে জানে। হতে পারে ফিটনেসের ঘাটতি বা অন্য কিছুও হতে পারে। তবে এসব খুঁজে বের করতে হবে যে কীভাবে আমরা আরও বড় সময় ধরে মনোযোগ ধরে রাখতে পারি এবং ভুলগুলো না করি।’
শেষ পর্যন্ত ফিল্ডিং বড় একটা পার্থক্য গড়ে দিচ্ছে, সাকিব স্বীকার করলেন সেটিও, ‘আমি নিশ্চিত, অন্য কোনো দলই এতগুলো সুযোগ দেবে না, যতটা সুযোগ আমরা দিই। অনেক ক্ষেত্রেই খুবই নিয়মিত সুযোগগুলো আমরা মিস করে ফেলি, যেটা অন্য দেশগুলো করে না।’
ব্যাটিং বা বোলিংয়ের চেয়ে তাই ফিল্ডিং নিয়েই ভাবনাটা বেশি টেস্ট অধিনায়কের, ‘এই জায়গায় উন্নতি করতে পারলে অন্য জায়গাগুলোতে আমাদের খুব বেশি পার্থক্য নেই স্কিলের জায়গায়—ব্যাটিং ও বোলিংয়ের দিক থেকে। কারণ, আমরা রান খুব কম করছি না। এই জিনিসগুলোই (ক্যাচ মিস) আমাদের জন্য পার্থক্য গড়ে দিচ্ছে। আমাদের বোলারদের হয়তো ১৩-১৪টি সুযোগ তৈরি করতে হয় ১০টি উইকেট নিতে, অন্যদের ক্ষেত্রে যেটা হয়তো অনেক সময় ৯টা সুযোগ তৈরি করলেই ১০টা হয়ে যায়।’