চোটের কাছে হেরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন উড

মার্ক উডএএফপি

ইংল্যান্ডের জার্সিতে অন্যতম গতিময় পেসার মার্ক উড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। আগামী জানুয়ারিতে ৩৭ বছরে পা দিতে যাওয়া এই পেসারের অবসর ঘোষণা কয়েক মাস ধরেই অবধারিত মনে হচ্ছিল।

গত বছর নভেম্বরে সর্বশেষ অ্যাশেজে পার্থে প্রথম টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়েন উড। এরপর আর ইংল্যান্ডের জার্সিতে তাঁর ফেরা হয়নি। শেষ পর্যন্ত হাঁটুর সেই চোটের কাছে হার মেনেই জাতীয় দলের জার্সি তুলে রাখলেন উড।

ইংল্যান্ডের হয়ে ১৪৬টি আন্তর্জাতিক ম্যাচে ২৫৩ উইকেট নেওয়া উডকে চোটের সঙ্গে লড়তে হয়েছে ক্যারিয়ারজুড়েই। সে লড়াইয়ে যতি টেনে আজ স্থানীয় সময় সকালে ডারহামে রিভারসাইড গ্রাউন্ডে ইংল্যান্ড–শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরুর আগে অবসরের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান উড।

আপাতত মিডিয়ায় কাজের পাশাপাশি ডারহামের হয়ে টি-টুয়েন্টি ব্লাস্ট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যেতে চান উড। ইতিমধ্যে লেভেল-৩ কোচিং কোর্সের পড়ালেখাও সম্পন্ন করেছেন। ইংল্যান্ডের সঙ্গে তাঁর কেন্দ্রীয় চুক্তির মেয়াদও ফুরাবে আগামী সপ্তাহে। চুক্তির মেয়াদ আর না বাড়ার ব্যাপারটি নিশ্চিত হওয়ার পরপরই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন এই গতি তারকা।

চোটের সঙ্গে ক্রমাগত লড়াই করছিলেন উড। শেষ পর্যন্ত আর পারলেন না
এএফপি

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে উড জানান, চোটের সঙ্গে ক্রমাগত লড়াইয়ে মানসিকভাবে ‘বিধ্বস্ত’ হয়েছেন। তাঁর ভাষায়, ‘নভেম্বরে পার্থে সেই শেষ ম্যাচের পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। প্রায় দেড় বছর এ লড়াইটা আমাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল এবং ভাবিয়ে তুলেছিল যে ‘না, আমি আর কখনোই আগের সেই উচ্চতায় ফিরতে পারব না।’

আরও পড়ুন

উড বলেন, ‘সেপ্টেম্বরে আমার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, আর আমার মনে হয় সরে দাঁড়ানোর জন্য এটাই একদম উপযুক্ত সময়। ইংল্যান্ডের হয়ে খেলা ছাড়ার ইচ্ছা কখনো আমার ছিল না, তবে যারা নতুন উঠে আসছে, তারা দারুণ কাজ করছে। মূল আলোচনার বিষয় হওয়া উচিত তাদের চুক্তি পাওয়া নিয়ে, আর আমি এখন অন্যান্য বিষয়ে মনোযোগ দিতে পারি।’

২০১৫ সালে ওয়ানডে দিয়ে উডের ইংল্যান্ডের জার্সিতে অভিষেক। মাঠে শতভাগ উজাড় করে দেওয়া এবং আমুদে স্বভাবের কারণে খুব অল্প সময়েই দর্শকদের ভালোবাসার পাত্র হয়ে ওঠেন। সে বছর ট্রেন্ট ব্রিজে নাথান লায়নকে আউট করে ইংল্যান্ডের অ্যাশেজ জয় নিশ্চিত করেন উড। পাশাপাশি এউইন মরগানের সীমিত ওভারে বিশ্বকাপজয়ী স্কোয়াডেরও নিয়মিত সদস্যও হয়ে ওঠেন।

ইংল্যান্ডের হয়ে ২০১৫ অ্যাশেজ, ২০১৯ বিশ্বকাপ ও ২০২২ টি–টুয়েন্টি বিশ্বকাপ জিতেছেন উড। ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে অনেকেই তাঁকে মনে রাখবেন। উড ৩৮ টেস্টে ৩০.৭৯ গড়ে নিয়েছেন ১১৯টি উইকেট। ওয়ানডেতে ৭০ ম্যাচে ৮০ এবং টি–টুয়েন্টিতে ৩৮ ম্যাচে নিয়েছেন ৫৪ উইকেট।

আরও পড়ুন