অবশেষে যেন স্বস্তির নিশ্বাস ফেলল ক্রিকেট–বিশ্ব। সব জল্পনার অবসান ঘটিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’-তে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর সেই ব্লকবাস্টার ম্যাচ ঘিরে সপ্তাহজুড়ে যে টান টান উত্তেজনা আর অনিশ্চয়তা ছিল, তার শেষ হলো পাকিস্তান সরকারের ‘ইউ-টার্নে’।
গতকাল মধ্যরাতের একটু আগে পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকে জানানো হয়, বন্ধুদেশগুলোর অনুরোধ ও ক্রিকেটের মর্যাদা রক্ষায় ১৫ ফেব্রুয়ারির ম্যাচ খেলবে পাকিস্তান দল। এরপর আজ সকালে পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
আইসিসি, পিসিবি ও বিসিবির ত্রিপক্ষীয় আলোচনার পর পরিস্থিতি এখন যে পর্যায়ে, সেটিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা। আইসিসির এই মধ্যস্থতাকে সাধুবাদ জানিয়ে তিনি আজ সাংবাদিকদের বলেন, ‘আমি খুবই আনন্দিত যে আইসিসি উদ্যোগ নিয়ে লাহোরে বিসিবি ও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করে একটি চমৎকার সমাধান বের করেছে। এটি একটি বন্ধুত্বপূর্ণ সমাধান, যেখানে ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’
ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। তবে আইসিসির ডেপুটি চেয়ারম্যান রোববার লাহোরে গিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক করলে সব পক্ষ সমঝোতায় আসে।
পুরো উদ্যোগের জন্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি সন্তোষ প্রকাশ করে বিসিসিআইয়ের সহসভাপতি বলেন, ‘পুরো কৃতিত্ব আইসিসির। তারা সবাইকে আলোচনার টেবিলে এনে বিষয়টির সুরাহা করেছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে খেলা হবে—আমাদের সবার জন্য এটিই সবচেয়ে বড় সুসংবাদ।’
শুক্লা পরে নিজের ফেসবুক ও এক্স অ্যাকাউন্ট থেকে তাঁর বক্তব্যের ভিডিও পোস্ট করেছেন।