রবিনসন-টাংয়ের পেসে বিধ্বস্ত পাকিস্তান

জশ টাং (বাঁয়ে) ও ওলি রবিনসন, দুজনই পেয়েছেন ৫টি করে উইকেটরয়টার্স

সিরিজের  প্রথম বল। ওলি রবিনসনের করা ফুল লেংথ বলটা আজান আওয়াইসের প্যাডে আঘাত করল। আম্পায়ার আঙুল তুলতে সময় নিলেন না। পাকিস্তান ওপেনার রিভিউ নিয়ে সেটি শুধু নষ্টই করলেন। আবার উঠল আম্পায়ারের আঙুল। আর তাতেই ইতিহাস হেডিংলিতে। প্রথম বোলার হিসেবে ইংল্যান্ডে টেস্ট সিরিজের প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি গড়লেন রবিনসন।

আর আউট হয়ে আজানও  ফিরিয়ে আনলেন ৪৩ বছরের পুরোনো ইতিহাস।  ইতিহাসে মাত্র দ্বিতীয়বার টেস্ট ম্যাচের প্রথম বলে আউট হলেন কোনো পাকিস্তানি ব্যাটসম্যান। প্রথমবার সেই ১৯৮৩ সালে। জলন্ধরে ভারতের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই কপিল দেব এলবিডব্লু করেছিলেন মহসিন খানকে।

আজানকে ফেরানোর পর নিজের তৃতীয় ওভারে শান মাসুদকেও যখন এলবিডব্লু করে দিলেন রবিনসন, পাকিস্তানের স্কোর ৬/২। সেখান থেকে বৃষ্টি বিরতির আগে-পরে ৯১ রানের জুটি গড়েন ইমাম-উল-হক ও আবদুল্লাহ শফিক। কিন্তু জশ টাং ইমামকে দ্বিতীয় স্লিপে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ বানাতেই আবার উইকেট পড়তে শুরু করে পাকিস্তানের।

পাকিস্তান শেষ পর্যন্ত প্রথম ইনিংসে অলআউট ১৭১ রানে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২ উইকেটে ১১২ রান তুলে শেষ করেছে প্রথম দিনটা।

ম্যাচের প্রথম বলেই পাকিস্তানের আজান আওয়াইসকে আউট করেছেন ওলি রবিনসন
রয়টার্স

ইংল্যান্ডের দুই পেসার রবিনসন ও জশ টাং মিলেই নিয়েছেন ১০ উইকেট। দুজনই পেয়েছেন ৫ উইকেট করে। টাং ৫ উইকেটে ৪টিই পেয়েছেন ১১ বলের মধ্যে। সালমান আগা ও আলী উসমানকে টানা দুই বলে আউট করে তো হ্যাটট্রিকের সুবাস নিয়েই চা বিরতিতে গিয়েছিলেন টাং। সেটি হয়নি, তবে ১৯ টেস্টের ক্যারিয়ারে ষষ্ঠবার ৫ উইকেট পেয়ে গেছেন।

আরও পড়ুন

৫ উইকেট নেওয়ার অন্য বোলার রবিনসন চোট কাটিয়ে দুই ম্যাচ পর দলে ফিরেছেন এই ম্যাচেই। আজান, শান মাসুদের পর সৌদ শাকিল এবং পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ স্কোরার আবদুল্লাহ শফিককেও ফিরিয়েছেন নিজের সর্বশেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা হওয়া রবিনসন। জুনের সেই টেস্টের পর হাঁটুর চোটে ছিটকে পড়েন এই ইংলিশ পেসার।

দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন ইংল্যান্ডের দুই অপরাজিত ব্যাটসম্যান জো রুট ও জর্ডান কক্স
রয়টার্স

টসে হেরে ব্যাটিং করা পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেছেন শফিক। ৯১ রানের জুটিতে তাঁর সঙ্গী ইমাম করেছেন ৪২ রান। এ ছাড়া অধিনায়ক সালমান আগা করেছেন ২১ রান।

ইংল্যান্ড ৪৮ রানে ২ উইকেট হারালেও জর্ডান কক্স ও আবারও অধিনায়ক হওয়া জো রুট আর বিপদ হতে দেননি। কক্স ২৩ রানে ও রুট ৩৭ রানে দিন শেষ করেছেন।

আরও পড়ুন

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ১ম ইনিংস: ৪৮.১ ওভারে ১৭১ (শফিক ৬১, ইমাম ৪২; টাং ৫/৪৬, রবিনসন ৫/৫১)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৫ ওভারে ১১২/২ (রুট ৩৭*, কক্স ২৩*, গে ৩৩; আব্বাস ১/৩৪, আলী ১/৩৮)।
(১ম দিন শেষে)