‘টিআরপি বাড়াতে বিশ্বকাপে কোহলির জ্বলে ওঠা প্রয়োজন’
শুরুতে আলোচনা ছিল বিরাট কোহলির সেঞ্চুরি–খরা নিয়ে। পরে ব্যাটেও রান কমতে শুরু করে তাঁর। এ সময়ে স্বাভাবিকভাবেই কোহলির ফর্ম নিয়ে কথা হয়েছে। এমনকি কথা উঠেছিল দলে কোহলির জায়গা নিয়েও।
সে সময়ে নাকি এক মাস ব্যাটও ধরে দেখেননি তিনি। পরে জানিয়েছিলেন, এই সময়ে খেলাটা মোটেই তিনি উপভোগ করেননি। তবে সর্বশেষ এশিয়া কাপ কোহলিকে নিয়ে হিসাব–নিকাশ আবারও বদলে দিয়েছে।
এশিয়া কাপে কোহলি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৫ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেছিলেন ২৭৬ রান। যে স্ট্রাইক রেট নিয়ে এত আলোচনা, সেটাও ছিল বেশ ভালো—১৪৭.৫৯। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও খেলেছিলেন ৪৮ বলে ৬৩ রানের ইনিংস। কোহলি এমন একটা সময়ে স্বরূপে ফিরেছেন, যখন দরজায় কড়া নামছে বিশ্বকাপ।
বিশ্বকাপে এই কোহলির ব্যাটের দিকে স্বাভাবিকভাবেই তাকিয়ে থাকবেন ভারতের কোটি সমর্থক। আবার ভারত সমর্থক নন, কিন্তু কোহলির ভক্ত—এমন অনেকেও শুধু তাঁর ব্যাটিং দেখতেই টিভির সামনে বসবেন। যে কারণে কোহলি ভালো করলে তাই শুধু ভারতের শিরোপা জেতার সম্ভাবনাই বাড়বে না, বাড়বে টেলিভিশনের টিআরপিও, এমনই মনে করেন ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান।
নিউজএইটিন ক্রিকেটকে সোয়ান বলেছেন, ‘বিরাট কোহলির ভালো করা ভারতের জন্য দরকার। আমি টেলিভিশনে কাজ করছি, টেলিভিশনের টিআরপি বাড়ানোর জন্যও কোহলির ভালো দরকার। (মহেন্দ্র সিং) ধোনির ক্ষেত্রেও এমনটা হতো। ওরা ভালো না খেললে টিআরপি কমে যাবে।’
প্রায় প্রতিটি বিশ্বকাপেই শিরোপা জেতার বড় দাবিদার থাকে ভারত। তবে কোনো কারণে শেষমেশ জেতা হয় না, সেটা যে সংস্করণেই হোক। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির পর এখনো বৈশ্বিক কোনো টুর্নামেন্টে শিরোপা পায়নি ভারত।
এবার যাঁর অধীনে বিশ্বকাপের শিরোপা জিততে চায় ভারত, সেই রোহিত শর্মার ব্যাটেই ধারাবাহিকভাবে বড় রান নেই। তবে সোয়ান রোহিতকে নিয়ে মোটেই উদ্বিগ্ন নন, ‘রোহিত টি-টোয়েন্টি বিশ্বকাপেই সেঞ্চুরি পাবে। আমার তাতে কোনো সন্দেহ নেই। রোহিতকে নিয়ে আমি মোটেই উদ্বিগ্ন নই, ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিতই সঠিক ব্যক্তি, আর ওকে ছাড়াই তো ভারত বড় স্কোর দাঁড় করাচ্ছে।’