কামিন্সদের বিশ্রাম দিয়ে পাকিস্তানের কাছে সিরিজ হারায় ক্লার্কের ক্ষোভ
ব্যাপারটা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা অস্ট্রেলিয়া শুরু করেছিল জয় দিয়ে। কিন্তু দ্বিতীয় ওয়ানডে জিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা পাকিস্তান গতকাল খেলেছে তুলনামূলক খর্বশক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান।
অস্ট্রেলিয়ার সামনে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি। এ মাসের শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের সিরিজের জন্য সতেজ রাখার জন্য পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয় অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের। অনেকেই এটাকে মনে করছেন পাকিস্তানের কাছে অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডেতে হেরে যাওয়ার কারণ।
ক্রিকেট অস্ট্রেলিয়া যে গুরুত্বপূর্ণ এই তিন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে, এটা নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। বিগ স্পোর্টস ব্রেকফাস্ট রেডিও অনুষ্ঠানে ক্লার্ক বলেছেন, ‘আমি কিছুটা বিভ্রান্ত। টেস্ট সিরিজ শুরু হতে আরও ১১ দিন বাকি আছে। টেস্ট সিরিজে থাকা অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা কেন এই ওয়ানডেতে খেলতে পারবে না...অস্ট্রেলিয়া যদি প্রথম দুই ম্যাচ জিতত, তাহলে নাহয় বোঝা যেত যে তারা (ক্রিকেট অস্ট্রেলিয়া) তাদের বড় খেলোয়াড়দের বিশ্রাম দিচ্ছে। কিন্তু এখানে তো সিরিজ জয়ের ব্যাপার ছিল।’
ওয়ানডে ক্রিকেটে আরও বেশি গুরুত্ব দেওয়ার তাগিদও ক্রিকেট অস্ট্রেলিয়াকে দিয়েছেন ক্লার্ক, ‘আপনারা এটা আশা করবেন না যে দর্শক এমনি এমনিই ওয়ানডে ম্যাচ দেখতে আসবে। আমরা ওয়ানডে খেলছি, কিন্তু কেউ আসছে না। কারও আগ্রহ নেই। আমার প্রশ্ন, কেন?’
ক্লার্ক এরপর যোগ করেন, ‘আমার মনে হয়, নিশ্চিত করেই (ওয়ানডে ) সিরিজ হারা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আপনাদের যদি মাথাব্যথা না থাকে, তাহলে আমরাও (দর্শক) পাত্তা দেব না। আমি মনে করি, এটা আমাদের ভুল ভাবনা। বুঝতে পারছি যে টেস্ট ক্রিকেটের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। এটা আমারও পছন্দ। কিন্তু খেলাটা তো এক দিনের ব্যাপার ছিল। তারা এখানে অনুশীলনের চেয়ে বেশি বলই করত না।’