চলে গেলেন অস্ট্রেলিয়ার সর্বশেষ ‘অপেশাদার’ ক্রিকেটার

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ইয়ান রেডপাথদ্য এজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিংয়ে ইস্পাত-কঠিন দেয়ালের অন্যতম উদাহরণ তিনি। আবার অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ডেরও মালিক। গত শতাব্দীর ষাট ও সত্তর দশকে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ওপেনিংয়ের সফল মুখ হয়ে ওঠা সেই ইয়ান রেডপাথ মারা গেছেন। গত কিছুদিন ধরে অসুস্থতার মধ্য দিয়ে যাওয়া রেডপাথের বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৬৪ থেকে ১৯৭৫ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৬৬ টেস্ট ও ৫ ওয়ানডে খেলেছেন রেডপাথ। ইয়ান ও গ্রেগ চ্যাপেলের সময়ে অস্ট্রেলিয়ার সহকারী অধিনায়কও ছিলেন।

অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা শুরুর সময় রেডপাথ ছিলেন শৌখিন ক্রিকেটার। অস্ট্রেলিয়া রুলস ফুটবল দলের হয়ে খেলেন বলে ১৯৬৩-৬৪ মৌসুমে ক্রিকেট থেকে ম্যাচ ফি নিতেন না। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, রেডপাথই অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা সর্বশেষ অপেশাদার ক্রিকেটার।

মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টে ৯৭ রানে আউট হয়েছিলেন রেডপাথ। প্রথম টেস্টে তিন রানের জন্য সেঞ্চুরি মিস করা এই ওপেনারকে প্রথম তিন অঙ্কে যেতে অপেক্ষা করতে হয়েছে ১৯৬৯ সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিডনি টেস্ট পর্যন্ত। প্রথম সেঞ্চুরি পেতে পাঁচ বছর লাগলেও পরের সাত বছরের মধ্যে আরও ৭ সেঞ্চুরি করেন তিনি। এর মধ্যে সর্বশেষ ৩ টেস্টে করেন তিন সেঞ্চুরি। রেডপাথ টেস্ট ক্যারিয়ার শেষ করেন ৪৩.৪৫ গড়ে ৪৭৩৪ রান নিয়ে।  

আরও পড়ুন

হেলমেটবিহীন ক্রিকেটের যুগে অনমনীয়ভাবে উইকেট আঁকড়ে থাকার জন্য পরিচিত ছিলেন রেডপাথ। আবার অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি এখন পর্যন্ত তাঁরই। ১৯৬৯-৭০ মৌসুমে অরেঞ্জ ফ্রি স্টেটের নিল রোসেনডর্ফের এক ওভারে ৪ ছক্কা ২ চারে ৩২ রান নিয়েছিলেন তিনি।

১৯৭৫ সালে ভিক্টোরিয়া রাজ্য থেকে এমবিই খেতাবে ভূষিত হওয়া রেডপাথকে ২০২৩ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে জায়গা দেওয়া হয়। চলতি বছর গিলং ক্রিকেট ক্লাব তাদের স্কোরবোর্ড রেডপাথের নামে নামকরণ করেছে।

রেডপাথের মৃত্যুতে শোক প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেছেন, ‘ইয়ান সবার ভালোবাসার এবং সম্মানের মানুষ, তাঁর মৃত্যুতে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবাই গভীর শোকাহত। ইয়ান ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম সেরা একটি সময়ের এক চমৎকার ওপেনিং ব্যাটসম্যান।’

আরও পড়ুন