২০১৯ বিশ্বকাপের অধিনায়ক সরফরাজকে পাশে পেলেন বাবররা

দলগত আলোচনায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও পরিচালক মিকি আর্থারছবি: পিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন সরফরাজ আহমেদ। সেই বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপ শেষ করেছিল পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থেকে। ওই আসরে তাদের শুরুটা ভালো ছিল না।

প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তারা জিতেছিল মাত্র একটি। তাই টুর্নামেন্টে ভালো শুরু করতে না পারার চাপটা কেমন হতে পারে, সেটা ভালোই জানা সরফরাজের। হয়তো সে কারণেই যখন অন্যরা পাকিস্তান দলের সমালোচনা করছেন, তখন বাবর আজমদের পাশে দাঁড়িয়েছেন এই সাবেক অধিনায়ক।

আরও পড়ুন

এবারের বিশ্বকাপে শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের। নিজেদের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানে ও শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল পাকিস্তান। শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রানের লক্ষ্য ছুঁয়ে বিশ্বকাপ ইতিহাসেরই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল তারা।

শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির করেছিলেন মোহাম্মদ রিজওয়ান
ছবি: এএফপি

তবে এরপর পাকিস্তান ছন্দ হারায়। তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বাজেভাবে হারার পর তারা হেরেছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে। টানা তিন হারে বাবর-রিজওয়ানদের সেমিফাইনালে ওঠার সমীকরণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাকি চার ম্যাচে জয় না পেলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে তারা।

এত সমীকরণ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা মাথায় নিচ্ছেন না। তাঁরা বাবরের দলকে অনেকটা ধুয়ে দিচ্ছেন। দলের বাইরে থাকা ক্রিকেটার ইমাদ ওয়াসিম, আহমেদ শেহজাদরাও পাকিস্তানের সমালোচনা করছেন। তবে সরফরাজ হেঁটেছেন অন্য পথে। কায়েদে আজম ট্রফি জেতার পর সরফরাজ বলেছেন, ‘আমাদের পাকিস্তান দলের পাশে থাকা উচিত। হ্যাঁ, তারা এখনো সেরাটা খেলতে পারেনি, তবে তারা এখনো ফিরে আসতে পারে। তাদের এখনো আশা হারানোর মতো কিছু হয়নি। ফলাফলের চিন্তা না করে তারা শতভাগ দিক।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ
ছবি: এএফপি

পাকিস্তান দলকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন সাবেকেরা। ম্যাচ হারার পর পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে মেজাজ ধরে রাখতে পারেননি। ওয়াকার ইউনিস আফগানদের বিপক্ষে পাকিস্তান দলের খেলাকে আবর্জনা বলেছেন। সরফরাজ সেদিকে ইঙ্গিত করে বলেছেন, ‘বাইরের সবার দলকে সমর্থন দেওয়া উচিত। যদি কিছু বলার থাকে, সেটা বিশ্বকাপ শেষ হওয়ার পর বলতে হবে।’

আরও পড়ুন