৪ বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক হোসেন

মোসাদ্দেক হোসেনফেসবুক

২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সর্বশেষ মাঠে নেমেছিলেন মোসাদ্দেক হোসেন। প্রায় ৪ বছর পর তিনি আবার ফিরেছেন জাতীয় দলে। আজ ঘোষণা করা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে আছেন এই অলরাউন্ডার।

গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে শেষবার মাঠে নেমেছিল বাংলাদেশ। ওই সিরিজের দল থেকে আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম বাদ পড়েছেন। তাদের জায়গায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ পেয়েছেন নুরুল হাসান ও মোসাদ্দেক হোসেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের কোনো ম্যাচেই মাঠে নামেননি মাহিদুল ইসলাম, এক ম্যাচ খেলা আফিফ ৪৯ বলে ২৭ রান করেছিলেন। তাঁদের বাদ দেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘মাহিদুলকে আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি। আফিফকেও যথেষ্ট সুযোগ দিতে পেরেছি সেটাও আমি বলতে পারব না, সুযোগ আরেকটু বেশি পেতে পারত সে। এই মুহূর্তে আমরা টেকটিক্যাল পরিবর্তন করেছি।’

তাদের জায়গায় নেওয়া দুজনকে নিয়ে তিনি বলেছেন, ‘মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে, ছয় নম্বরে তাঁর স্কিলটা আরও বেশি কাজে লাগবে আমাদের জন্য। সে অভিজ্ঞ ক্রিকেটার, আগেও খেলেছে, প্রিমিয়ার লিগে ভালো ফর্মে আছে। তাঁর অলরাউন্ড সক্ষমতা আমরা কাজে লাগাব।’

ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ফর্মে আছেন মোসাদ্দেক হোসেন
আবাহনীর ফেসবুক পেজ থেকে

এবারের প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে এখন পর্যন্ত ৬ ইনিংসে ৭৭.৫০ গড় ও ১২৯.১৭ স্ট্রাইক রেটে ৩১০ রান করেছেন মোসাদ্দেক। তাঁর সঙ্গে দলে ফেরা নুরুল ৮ ইনিংসে করেছেন ২৪৮ রান। ৬–৭ নম্বরে ব্যাট করার জন্য উইকেটকিপার ব্যাটসম্যানের চেয়ে তাঁকে ভালো মনে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল।

আগামী ৯ জুন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। একই মাঠে পরের দুটি ম্যাচ যথাক্রমে ১১ ও ১৪ জুন। এরপর তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

অস্ট্রেলিয়া সিরিজের বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।