৭ বছরে মাত্র একবার, হারিয়ে যেতে বসা সেই ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ ফিরছে আবার

২০১৯ সালে নিজেদের খেলা সর্বশেষ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশএএফপি

একটা সময় ক্রিকেটের ক্যালেন্ডারে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ছিল নিয়মিত আয়োজন। বিশেষ করে অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতে। তিন দলের লড়াই, ফাইনালের রোমাঞ্চ, ট্রফি জয়ের উৎসব। টি-টুয়েন্টির দাপটে সেই আয়োজন এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। পুরোনো সেই স্বাদই ফিরছে আজ আবুধাবিতে।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় সাড়ে সাত বছর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফিরছে বাংলাদেশ। জিম্বাবুয়ের অপেক্ষাটা আরও দীর্ঘ, সাড়ে আট বছরের বেশি। বাংলাদেশ ও জিম্বাবুয়ের ৮৫তম ওয়ানডে দ্বৈরথ তাই এবার একটু অন্য রকম। সিরিজের তৃতীয় দল আফগানিস্তান।

২০১৯ সালের মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেটিই ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র ট্রফি। এরপর দীর্ঘ বিরতি। ২০২৫ সালে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ফেরে ক্রিকেট ক্যালেন্ডারে।

এবার অবশ্য একসঙ্গে দুটি আয়োজন। আবুধাবিতে আজ শুরুর পর আগামীকাল পাকিস্তানে শুরু হচ্ছে আরেকটি ত্রিদেশীয় সিরিজ। পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে সেখানে খেলবে ইংল্যান্ড। ১১ বছর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফিরছে ইংলিশরাও।

১৯৯৯ সালে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর শেন ওয়ার্নের অস্ট্রেলিয়া
এএফপি
১২২
এ পর্যন্ত হওয়া ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট।

অথচ একসময় এমন টুর্নামেন্ট ছাড়া ক্রিকেট মৌসুম যেন পূর্ণতাই পেত না। ১৯৭৯-৮০ থেকে ২০১৯ সাল পর্যন্ত হয়েছে ১২১টি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। অস্ট্রেলিয়ায় ৩১টি, আরব আমিরাতে ২৪টি। শ্রীলঙ্কায় হয়েছে ১১টি।

অস্ট্রেলিয়ায় ১৯৭৯-৮০ থেকে ২০০৭-০৮ মৌসুম পর্যন্ত টানা ২৯ বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে বসেছে ত্রিদেশীয় আসর। কখনো বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজ কাপ, কখনো ভিবি সিরিজ কিংবা কমনওয়েলথ ব্যাংক সিরিজ নামে। সর্বশেষ আয়োজন ২০১৪-১৫ মৌসুমে। আমিরাতে সর্বশেষ হয়েছিল ২০১৭-১৮ মৌসুমে।

৪৮
সবচেয়ে বেশি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছে ভারত।
আরও পড়ুন

শুরু ত্রিদেশীয় টুর্নামেন্টেই

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরুটাও তিন দলের টুর্নামেন্টে। ১৯৮৬ এশিয়া কাপে ভারত না আসায় খেলেছিল বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ১৯৯০-৯১ এশিয়া কাপেও ছিল তিন দল। তবে বাংলাদেশের প্রথম প্রকৃত ত্রিদেশীয় সিরিজ ১৯৯৭ সালে কেনিয়ায়। জিম্বাবুয়ে ও কেনিয়ার বিপক্ষে সেই প্রেসিডেন্টস কাপে শেষ দুই ম্যাচে বাংলাদেশ অলআউট হয়েছিল ৯২ ও ১০০ রানে।

১৫
বাংলাদেশের খেলা ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট।

এরপর আরও ১২টি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে খেলেছে বাংলাদেশ, যার সর্বশেষটিতে চ্যাম্পিয়ন হয়েছে। ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র ট্রফি সেটিই। তবে ২০০৭ বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজে একটি অ্যাসোসিয়েটস ট্রাই-সিরিজ সবার ওপরে থেকে শেষ করেছিল বাংলাদেশ। দুই সহযোগী সদস্যদেশ কানাডা ও বারমুডাকে এবং টেস্ট খেলুড়ে বাংলাদেশকে নিয়ে আয়োজিত সেই টুর্নামেন্টে কোনো ফাইনাল ছিল না, ছিল না কোনো ট্রফি।

৭
বাংলাদেশে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট।
আরও পড়ুন