ইংল্যান্ড ম্যাচের আগেই কি পাকিস্তানকে বিদায় করে দিল আইসিসি

পাকিস্তানকে আগেই বিদায় জানিয়ে দিল আইসিসিএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় অসম্ভব এক সমীকরণ সামনে রেখে আজ ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। বর্তমানে পয়েন্ট তালিকার ৫ নম্বরে আছে তারা। ৮ ম্যাচ খেলে পাকিস্তানের পয়েন্ট এখন ৮। অন্যদিকে ৯ ম্যাচ খেলা নিউজিল্যান্ডের পয়েন্ট ১০। আজ ইংল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের পয়েন্টও হবে ১০।

তবে নেট রানরেটে পাকিস্তান পিছিয়ে আছে বিশাল ব্যবধানে। এ কারণে নিউজিল্যান্ডকে টপকে সেমিতে যেতে হলে পাকিস্তানকে জিততে হবে ২৮৭ রানে। আর রান তাড়ায় লক্ষ্য ছুঁতে হবে ২.৪ ওভারের মধ্যে।

আরও পড়ুন

দৃশ্যত অসম্ভব মনে হলেও কাগজে–কলমে এখনই পাকিস্তানের পাশে বিদায় লিখে দেওয়ার সুযোগ নেই। এমনকি পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ আমিরের মতো তারকারাও এখনো পাকিস্তানের সেমিতে আশা ছাড়ছেন না। আইসিসি অবশ্য এত হিসাব-নিকাশে যেতে রাজি নয়। পরোক্ষভাবে তারা পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায়ই জানিয়ে দিয়েছে।

গতকাল রাতে ভারতে দীপাবলি উদ্‌যাপন উপলক্ষে গেটওয়ে ইন্ডিয়াকে ঘিরে একটি ভিডিও পোস্ট করেছে আইসিসি। যেখানে গেটওয়ের দেয়ালজুড়ে বিশ্বকাপের নানা দৃশ্য ভেসে উঠতে থাকে, যেটি শুরু হয় কাউন্টডাউনের মধ্য দিয়ে। এরপর সেখানে দেখা যায় বিশ্বকাপের দুই মাসকট ব্লেজ ও টঙ্কের ছবি। একটু পর ভেসে উঠে বিশ্বকাপ ট্রফির ছবি।

এরপর বিশ্বকাপজুড়ে দেখা মেলা বিভিন্ন দৃশ্যকে উপস্থাপন করা হয় মানব অনুভূতির প্রতীক হিসেবে। যেমন আনন্দের প্রতীক হিসেবে ভেসে উঠে দারুণ ছন্দে থাকা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ইনিংস খেলা অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েলের ছবি। শক্তির প্রতীক হিসেবে দেখা যায়, দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন এবং পাকিস্তানের ফখর জামানের ছবি। আবার যন্ত্রণার প্রতীক হিসেবে দেখা যায়, সাকিব আল হাসান ও ক্রিস ওকসকে।

আরও পড়ুন

আর সবার শেষে এক পাশে দেখা যায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ছবি এবং অন্য পাশে দেখা যায় ভারত অধিনায়ক রোহিত শর্মা ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসনের ছবি। বর্তমানে সেরা চারে থাকা চার দলের অধিনায়কের ছবির মধ্য দিয়ে আইসিসি যেন পাকিস্তানকে বিদায়ই জানিয়ে দিল।

ভিডিওটি দেখে দর্শকেরাও পাকিস্তানকে বাদ দেওয়া নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘পাকিস্তানের একটি ম্যাচ এখনো বাকি আর আইসিসি তাদের বিদায় জানিয়ে দিল।’ আরেকজন লিখেছেন, ‘সেমিফাইনালিস্ট কি নিশ্চিত হয়ে গেছে? যদি ভাগ্য অন্য খেল দেখায় তখন কী হবে?’ অন্য একজন লিখেছেন, ‘পাকিস্তান তো এখনো ৫০০ রান করার কথা ভাবছে!’

পাকিস্তান অধিনায়ক বাবর আজম
এএফপি

এর আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজম অবশ্য আশা না হারানোর কথাই বলেছেন। ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে বাবর বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নেট রানরেট নিয়ে আমরা পরিকল্পনা করেছি। যা-ই হোক, আমরা প্রথম বল থেকেই মারতে যাব না। প্রথম ১০ ওভার কীভাবে খেলব এবং তারপর আমরা কী করব, সেটা নিয়ে পরিকল্পনা করেছি। যদি ফখর ২০ থেকে ৩০ ওভার টিকে যায়, আমাদের যা লক্ষ্য তা অর্জন করতে পারব।’

আর পাকিস্তানের এক টিভি টক শোতে আমির বলেছেন, ‘৪০০ থেকে ৪৫০ রানের সম্ভাবনা আছে। এটা ক্রিকেটে সম্ভব। যদি আমরা ৪০০ রান করি এবং তাদের ১১২ রানের মধ্যে অলআউট করে দিই, তবে সম্ভব। যদি ফখর সেভাবে ব্যাট করতে পারে (যেভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিল, তবে সম্ভব)। তবে এটা তখনই সম্ভব, যদি আমরা আগে ব্যাট করি।’