প্রিয় সংস্করণ ওয়ানডেতেও কেন আটকে যায় বাংলাদেশ
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মিডিয়া সেন্টার যে প্রান্তে, ড্রেসিংরুম ঠিক তার উল্টো দিকে। ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মিডিয়া সেন্টারের প্রান্তের লং অনে ঈশান কিষানের ক্যাচটি নিলেন লিটন দাস। কয়েকজন সতীর্থের সঙ্গে দ্রুত উদ্যাপন শেষে দৌড় শুরু করলেন, পথে ‘হাই-ফাইভ’ করতে গতি একটু কমাতে হলো। এরপর আবার গতি বাড়িয়ে শেষ পর্যন্ত যখন অভিনন্দন জানাতে কিষানের কাছে পৌঁছালেন বাংলাদেশ অধিনায়ক, ইতিহাসগড়া ভারত ব্যাটসম্যান ড্রেসিংরুমের পথে এগিয়ে গেছেন অনেকটাই।
‘স্পোর্টসম্যানশিপ’-এর দারুণ উদাহরণই দেখালেন লিটন। ম্যাচ শেষে বলেও দিলেন, কিষানের ১৩১ বলে ২১০ রানের ইনিংসটিই ওয়ানডেতে তাঁর দেখা সেরা। এমনিতে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার লিটন, জিম্বাবুয়ের সঙ্গে তাঁর ১৭৬ রানের ইনিংসে ডাবল সেঞ্চুরির সম্ভাবনা ছিল ভালোভাবেই। তবে ক্যারিয়ারের দশম ম্যাচে নেমেই কিষানের ডাবল সেঞ্চুরি, প্রথম দুই ম্যাচে মিরপুরে ‘ব্যাটসম্যানদের জন্য দমবন্ধ উইকেটে’ বিবর্ণ ব্যাটিংয়ের পর চট্টগ্রামের খোলা হাওয়ায় নিজেদের মেলে ধরার ব্যাপারগুলো যেন একটা জিনিস দেখিয়ে দিল—এ সংস্করণেও বাংলাদেশের উন্নতির অনেক জায়গা এখনো আছে।
****
গত জুলাইয়ে জিম্বাবুয়ের কাছে হারারেতে সিরিজ হারের পর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, এ সংস্করণে ৩০০ রান যথেষ্ট নয়। তাঁদের লক্ষ্য ৩৫০ রানের গণ্ডি পেরোনো । প্রথম ম্যাচে ২৯০, তৃতীয় ম্যাচে ৩০৩ রান করেও হেরেছিল বাংলাদেশ। সিরিজে জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা চারটি সেঞ্চুরি করেছিলেন, বাংলাদেশের কেউই দেখা পাননি তিন অঙ্কের। তামিম তাই ‘পার্থক্য’টা বুঝেছিলেন। টেস্ট খেলুড়ে দেশগুলো তো বটেই, স্কটল্যান্ডেরও যেখানে ৩৫০ পেরোনো স্কোর আছে, বাংলাদেশের জন্য সেটি এখনো ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। ভারতে আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপে যে পার স্কোরই ‘৩০০’ হবে, তা মনে করিয়ে অবশ্য আশাও দেখিয়েছিলেন তামিম।
বাংলাদেশের ঠিক পরের সিরিজটিই হলো ভারতের সঙ্গে, চোটের কারণে যেটিতে খেলতে পারলেন না তামিম। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া লিটন পেলেন স্মরণীয় এক সিরিজ জয়, মিরপুরে প্রথম দুটি ম্যাচেই রোমাঞ্চকর জয় পেল বাংলাদেশ।
চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক থাকবে, সেটি বোঝা যাচ্ছিল আগে থেকেই। ভারতীয় দল জানত, জানতেন লিটনরাও। কিষান নেমেই বুঝে গেলেন, এ উইকেটে রান আছে। ভারত গড়ল ৪০৯ রানের রেকর্ড স্কোর। বাংলাদেশ সে একই উইকেটেই থামল ১৮২ রানে। পরের বিশ্বকাপ ভারতে, সেখানে মোটামুটি ব্যাটিং সহায়ক উইকেট থাকবে—তামিমের মতো এবার সেটি মনে করিয়ে দেওয়া হলো লিটনকে। তিনিও বললেন, ভারতের আউটফিল্ড দ্রুতগতির, ভালো উইকেট থাকবে। তবু এমন উইকেটে নিয়মিত খেলাটা জরুরি।
****
টেস্ট ক্রিকেটে এখনো ‘অপরিণত’ বাংলাদেশ, টি-টোয়েন্টি যেন এক গোলকধাঁধা। ওয়ানডেটা যে বাংলাদেশের খেলার ধরনের সঙ্গে সবচেয়ে মানানসই, সেটিও পুরোনো আলোচনা। তবে সে ওয়ানডে কোন ধাঁচের? যেখানে কন্ডিশনটাই বাংলাদেশের পক্ষে থাকলে চলবে না, নিজেদের পক্ষে থাকতে হবে আরও বেশ কিছু বিষয়।
২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালের পর থেকে এখন পর্যন্ত ১১টি দ্বিপক্ষীয় সিরিজের আটটিতেই জিতেছে বাংলাদেশ। দেশের মাটিতে ৫ ম্যাচ খেলে জয় সব কটিতেই। বিদেশের মাটিতে ৬টি খেলে ৩টি সিরিজ জয়ের সঙ্গে আছে সমানসংখ্যক হার। দেশের বাইরে এ সময়ে তিনটি সিরিজ বাংলাদেশ জিতেছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত জুলাইয়ের ওয়ানডে সিরিজটা ছিল বিদেশের মাটিতেও দেশের মাঠে খেলার মতোই। গায়ানায় অনুষ্ঠিত সে সিরিজের উইকেট ছিল দারুণ স্পিন সহায়ক, পিচ নিয়ে হতাশা জানিয়েছিলেন খোদ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানই। জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজ জয়ের সময়ও তাদের ওপর একটা অলিখিত দাপট ছিল বাংলাদেশের, সেটিও ভেঙে গেছে তাদের মাটিতে ঠিক পরের সিরিজেই। ব্যতিক্রম দক্ষিণ আফ্রিকায় খেলা সিরিজটি। ব্যাটিং-বোলিং—দুই বিভাগেই বাংলাদেশ দুই ম্যাচে দেখিয়েছিল দারুণ দাপট। তবে মাঝের ম্যাচটিতে পড়তে হয় ব্যাটিং বিপর্যয়ে।
দেশের মাটিতে এ সময় বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সাতটি ম্যাচের মধ্যে জয় ছয়টিতেই। সিলেটে যে তিনটি ম্যাচ বাংলাদেশ খেলেছে, সব কটিই জিম্বাবুয়ের বিপক্ষে একই সিরিজে। প্রতিটি ম্যাচেই আগে ব্যাটিং করে ৩০০ পেরিয়েছিল বাংলাদেশ। অথচ মিরপুরে সাত ম্যাচের একটিও দেখেনি ৩০০-পেরোনো স্কোর!
বাকি থাকে চট্টগ্রাম। সিলেটে নিয়মিত খেলা না হলেও এ ভেন্যুতে সিরিজপ্রতি একটি ম্যাচ থাকেই। ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে এখানে পাঁচটি ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছে দুটিতে। একটি এ বছরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশের দেওয়া ১৯২ রানের লক্ষ্য আফগানিস্তান পেরিয়ে গিয়েছিল ৫৯ বল বাকি রেখেই। পরের হারটি তো সবচেয়ে তাজা—ভারতের বিপক্ষে এবারের সিরিজে। চট্টগ্রামে যে তিনটি ম্যাচ বাংলাদেশ জিতেছে, তার দুটিতেই বাংলাদেশের রান ছিল ৩০০-এর আশপাশে (৩০৬ ও ২৯৭)।
এই পরিসংখ্যানই বলে দেয়, দেশের মাটির ওয়ানডেতেও বাংলাদেশ দলের বিশেষ পছন্দ মিরপুরের ধীরগতির নিচু বাউন্সের উইকেট। ব্যাটিং সহায়ক উইকেটে গিয়ে তাই আর পারফরম্যান্সের ধারাবাহিকতাটা থাকে না। এমন উইকেটে খেললে ভারতের মতো ব্যাটিং শক্তির দলগুলোর বিপক্ষে হয়তো সাফল্য কখনোই নিয়মিত হবে না। তবু ঝুঁকিটা তো নিতে হবে।
ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি সুপার লিগের অংশ নয়, যদিও বাংলাদেশের পরবর্তী সময়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই। ২০১৫ সালের পর যে ইংল্যান্ড বদলে ফেলেছে সীমিত ওভারের ক্রিকেট খেলার ধরনটাই, তাদের বিপক্ষে কি চট্টগ্রামের মতো উইকেটে খেলার ‘ঝুঁকি’ নেবে বাংলাদেশ?
****
কিষান চট্টগ্রামে যখন প্রায় ‘অটোমোড’-এর ব্যাটিং শুরু করলেন, বাংলাদেশ বোলাররাও যেন চলে গেলেন তেমন একটা অবস্থাতেই। কী করছেন, কেন করছেন—নিজেরাই বুঝে উঠতে পারছিলেন না যেন। তবে সে ম্যাচেও কিন্তু বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়িয়েছিলেন ভালোভাবেই। শেষ ১০ ওভারে ভারত তুলতে পেরেছিল ৭০ রান, হারিয়েছিল ৫ উইকেট। তবে বোলারদের এনে দেওয়া সে ছন্দ কাজে লাগাতে পারেননি সিরিজজুড়েই ব্যর্থ হওয়া বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
২০১৯ সালের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪ বার ৩০০ বা এর বেশি রানের স্কোর গড়েছে ভারত। তবে তাদের বোলাররাও এ সময়ে ৩০০ বা এর বেশি রান দিয়েছেন ১১ বার। রান শুধু এক দলই করবে, ব্যাপারটি তাই মোটেও সে রকম নয়। কারা সুযোগটা বেশি কাজে লাগাতে পারল, সেটাই ব্যাপার। সে জন্য এ ধরনের উইকেটে ব্যাটিং-বোলিংয়ের অভ্যাস গড়ে তুলতে হবে।
ধারণা করা হয়েছিল ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে বড় রান হবে। কেউ কেউ তো এমনও বলেছিলেন, ৫০০ রানের স্কোরও দেখে ফেলতে পারে ওয়ানডে ক্রিকেট। কিন্তু আর্দ্র মৌসুমে ইংল্যান্ডের পিচ হয়ে উঠেছিল স্যাঁতসেঁতে। দেশের মাটিতে ফ্ল্যাট উইকেটে খেলে অভ্যস্ত স্বাগতিক ইংল্যান্ডই পড়ে গিয়েছিল কঠিন চ্যালেঞ্জের মুখে। তবে সেটি উতরে চ্যাম্পিয়ন হয়েছিল তারাই।
পরের বিশ্বকাপে ভারতের উইকেট ব্যাটিং সহায়কই হওয়ার কথা। ব্যতিক্রমও হতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশ দলের মিরপুরের উইকেটে খেলার অভিজ্ঞতা কাজে দিলেও দিতে পারে। তবে যদি ভারতের উইকেট যদি ফ্ল্যাটই হয়, তাহলেই ধন্দে পড়ে যেতে পারে বাংলাদেশ।
****
২০১৫ সালে ভারতকে যখন প্রথমবার সিরিজ হারায় বাংলাদেশ, সেটি ছিল মোস্তাফিজুর রহমানের আগমনী সিরিজ। প্রথম ২ ম্যাচেই ১১ উইকেট নিয়েছিলেন তখনকার ‘রহস্য-পেসার’। সাত বছর পর আবার যখন ভারতকে হারাল বাংলাদেশ, মোস্তাফিজ তখন দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার। এবারের সিরিজটি অবশ্য হয়ে থাকবে মেহেদী হাসান মিরাজের। আটে নেমে পরিস্থিতির চাহিদা মেটানো দুর্দান্ত দুটি ইনিংসের সঙ্গে বোলিংয়েও অবদান রেখেছেন পূর্ণাঙ্গ অলরাউন্ডার হওয়ার পথে আরেকটু এগিয়ে যাওয়া মিরাজ।
মিরপুরে প্রথম ওয়ানডের পর ড্রেসিংরুমে ফেরার সময় ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে করমর্দনের সময় বিশেষভাবেই চোখে পড়ল প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের সঙ্গে মিরাজের সৌহার্দ্য বিনিময়। কিষান জড়িয়ে ধরলেন মিরাজকে। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একই সঙ্গে খেলেছিলেন দুজন, নেতৃত্ব দিয়েছিলেন নিজ নিজ দলকে।
চট্টগ্রামে যখন তাঁরা প্রথমবারের মতো মুখোমুখি বড়দের ক্রিকেটে, মিরাজ তার আগেই খেলে ফেলেছেন ৩৫টি টেস্ট, ৬৬টি ওয়ানডে ও ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এখনো টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা কিষানের জন্য সেখানে তৃতীয় ওয়ানডেটি ছিল ৩১তম আন্তর্জাতিক ম্যাচ। রোহিত শর্মা থাকলে কিষান হয়তো সুযোগ পেতেন না এ ম্যাচেও। তিনি জানেন, এভাবে যখনই সুযোগ পাবেন, সেটা কাজে লাগাতে হবে।
কিষানের অমন ইনিংস আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড় তালিকার গভীরতার পার্থক্যটাই আরেকবার বুঝিয়ে দিল। অবশ্য এ সিরিজেও বাংলাদেশ দলের টপ অর্ডারে তামিম ইকবালের অনুপস্থিতি অনুভব করা গেছে।
****
তৃতীয় ওয়ানডের ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে লিটন যখন প্রশংসা করছেন কিষানের, মঞ্চের অদূরে থাকা চেয়ারে গিয়ে বসেছেন ভারতীয় ব্যাটসম্যান। মুঠোফোনে স্ক্রল করছিলেন, হয়তো জবাব দিচ্ছিলেন অভিনন্দন-বার্তারই। বেরিয়ে যাওয়ার পথে লিটন আরেকবার অভিনন্দন জানালেন কিষানকে।
দিন শেষে চট্টগ্রামে ভারতের সঙ্গে হয়েছে একটিই ওয়ানডেই। আগেই সিরিজ জেতা বাংলাদেশ যেখানে হেরেছে বাজেভাবে। সুযোগ কাজে লাগিয়ে কিষান খেলেছেন সারা জীবন মনে রাখার মতো এক ইনিংস, বিরাট কোহলি কাটিয়েছেন ওয়ানডের সেঞ্চুরি-খরা। আর এ ম্যাচেই বাংলাদেশ আরেকবার উপলব্ধি করল, ওয়ানডের সাফল্যটা ঘরের মাঠে ধারাবাহিক করতে হলেও তাদের আরও অনেক কিছু করার আছে। আর বৈশ্বিক মঞ্চে জায়গাটা শক্তিশালী করতে তো পাড়ি দিতে হবে অনেকটা পথই।