টানা দুই জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ করে বাড়ি ফিরছে আগেই বাদ পড়ে যাওয়া আফগানিস্তান। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারানো আফগানরা আজ কানাডাকে ৮২ রানে হারিয়েছে।
চেন্নাইয়ে টসে হেরে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান তোলে ২০০ রান। রান তাড়া করতে নেমে কানাডা ২০ ওভারে করতে পারে ৮ উইকেটে ১১৮ রান।
আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ২০০ রানের মাইলফলক ছুঁয়েছে আফগানিস্তান। মূলত ওপেনার ইব্রাহিম জাদরানের ব্যাটিংই ২০০ এনে দিয়েছে। ৫৬ বলে ৯৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ইব্রাহিম।
টি-টুয়েন্টি বিশ্বকাপে এটিই কোনো আফগান ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ খেলেন ৩০ রানের ইনিংস। মিডল অর্ডার ব্যাটসম্যান সেদিকউল্লাহ আতাল করেন ৩২ বলে ৪৪ রান।
রান তাড়ায় কখনোই সঠিক কক্ষপথে ছিল না কানাডা। দলটি ৯ ওভারে ৪৮ রান তুলতেই হারায় ৫ উইকেট। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান যুবরাজ সামরা আউট হন ১৭ রান করে। অন্যরা কোনোভাবে উইকেট আঁকড়ে ২০ ওভার খেলেছেন। দলটির হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন হর্শ ঠাকার।
অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। রশিদ খান ১৯ রান খরচায় ২ উইকেট নিয়েছেন।