বোলিং নিয়ে কাজ করেছি, বললেন মিরাজ
গত বছর ওয়ানডেতে টানা ৫ ইনিংসে কোনো উইকেট পাননি মেহেদী হাসান মিরাজ। যার মধ্যে চারটিতেই তিনি পুরো ১০ ওভার বল করেছিলেন। সেই দুঃসময়টা পেছনে ফেললেও মিরাজের বোলিংটা ঠিক স্বস্তি দিচ্ছিল না। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়াডেতে মাঠে নামার আগেও তাঁকে নিজের ফর্ম নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে।
তবে গতকাল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বল হাতে ফেরার বার্তা দিয়েছেন মিরাজ। ৭ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে মূল নায়ক ছিলেন পেসার নাহিদ রানাই। তবে পাশ থেকে ১০ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মিরাজ। এ নিয়ে স্বস্তি আছে তাঁরও।
আজ বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘আমি বেশ কয়েক দিন ধরে বোলিং নিয়ে অনেক কাজ করেছি। মাঝখানে বোলিংটা নিয়ে একটু ভুগছিলাম। কিন্তু কোথায় আমার উন্নতি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি।’
ভালো উইকেটে এমন বোলিং করায় আলাদা তৃপ্তিও আছে তাঁর, ‘কাল আমার বোলিংয়ে অনেক বেশি নিয়ন্ত্রণ ছিল এবং বলের লাইন-লেন্থ খুব ভালো জায়গায় ছিল। উইকেটটা অনেক ভালো ছিল। এই উইকেটে যদি লাইন-লেন্থ ধরে রেখে না বল করতে পারতাম তাহলে হয়তো রান হয়ে যেত, উইকেটও বের করতে পারতাম না।’
ওয়ানডেতে বাংলাদেশ দলের জন্যও সময়টা কঠিন যাচ্ছে। র্যাঙ্কিংয়ে এখন দশে থাকা দলটির অন্তত সেরা নয়ে থেকে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জও আছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজটা তাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ৮ উইকেটের দাপট দেখানো জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ভালো কিছুর প্রত্যাশা মিরাজের।
তিনি বলেছেন, ‘যেহেতু আমরা কালকের ম্যাচটা জিতেছি। এটা আমাদের জন্য ইতিবাচক দিক। যেহেতু আমাদের এ বছর ওয়ানডেতে অনেক বেশি ম্যাচ এবং আমাদের র্যাঙ্কিংয়ের একটা ব্যাপার আছে। যেহেতু শুরুটা ভালো হয়েছে খুবই ভালো লাগছে।’
এই ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্স ধরে রাখার চ্যালেঞ্জও নিচ্ছেন মিরাজ, ‘যেহেতু এখানে আমরা ট্রু উইকেটে খেলছি এবং স্পিনার হিসেবে ট্রু উইকেটে বল করাটা একটু বেশি চ্যালেঞ্জিং। আমি যদি ভালো জায়গায় বল করতে পারি, লাইন-লেন্থ দুইটাই ঠিক রাখতে পারি। আমার কাছে মনে হয় সফল হওয়ার সুযোগ বেশি থাকবে।’