কোচ চূড়ান্ত করতে আবার সভায় বসছে বাফুফের জাতীয় দল কমিটি
জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ ঘোষণার নির্ধারিত তারিখ ১৫ মে। তবে তার আগেই আজ হঠাৎ করে জাতীয় দল কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। জাতীয় দল কমিটির প্রধান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে অনলাইনে এই সভা অনুষ্ঠিত হবে।
জাতীয় দল কমিটির একাধিক সূত্র জানিয়েছে, সাক্ষাৎকার নেওয়া ১১ জনের মধ্যে থেকে সংক্ষিপ্ত তালিকায় ছয়জনের নাম রাখা হয়েছিল। তবে সেই ছয়জনের সঙ্গে বর্তমানে আরও দুই-একজনের নাম যুক্ত হয়েছে। নতুন প্রার্থী যোগ হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাফুফের জন্য কিছুটা জটিল হয়ে পড়েছে। আজকের সভাতেই কোচ চূড়ান্ত হবে কি না, তা নিশ্চিত নন কর্মকর্তারা। কমিটির দুজন সদস্য জানিয়েছেন, বেলা ৩টায় জুম মিটিং ডাকা হয়েছে। আজই সব চূড়ান্ত হবে কি না বলা কঠিন; সম্ভবত আরেক দফা পর্যালোচনার জন্যই এই জরুরি সভা।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর হাভিয়ের কাবরেরার ৫২ মাসের মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করে বাফুফে। কোচের পদের জন্য মোট ২৩০টি আবেদনপত্র জমা পড়েছিল। সেখান থেকে বাছাই করে ধাপে ধাপে সংখ্যাটি ১০০, ২৩ এবং পরবর্তী সময়ে ১১ জনে নামিয়ে আনা হয়। গত পরশু অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সর্বশেষ সভার সূত্রমতে, ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ ক্রিস কোলম্যান বর্তমানে কোচ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত কোলম্যান নাকি অন্য কেউ নিয়োগ পাবেন, সেটিই এখন দেখার বিষয়।