জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান

জিম্বাবুয়ের বিপক্ষে সহজেই রান তাড়া করেছে আফগানিস্তানএএফপি

দুই দিন আগে বাংলাদেশ যেভাবে হেরেছিল, প্রায় একই পথ ধরে এবার হারল জিম্বাবুয়ে। শারজায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে ১৬৯ রানে অলআউট করে সহজ রান তাড়ায় ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে আফগানিস্তান।

এর আগে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে ১৬০ রানে আটকে দিয়েও আফগানরা জিতেছিল ৭ উইকেটে। সে দিন তাওহিদ হৃদয়দের বিপক্ষে রান তাড়া করতে লেগেছিল ৩৫.৩ বল, আজ সিকান্দার রাজাদের বিপক্ষে ৩৪.৩ ওভার।

শারজায় ২০০৩ সালের পর প্রথম ত্রিদেশীয় সিরিজের ফাইনালটিতে রাজত্ব করেছেন আফগান বোলাররা। রশিদ খান ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংসের গতি থামিয়ে দেন। ফজলহক ফারুকি, বিলাল সামি ও মোহাম্মদ নবী নিয়েছেন ২টি করে উইকেট। জিম্বাবুয়ের হয়ে অধিনায়ক সিকান্দার রাজা ছাড়া কেউ বড় ইনিংস খেলতে পারেননি। তিনটি করে চার ও ছক্কায় ৮৩ বলে ৬৮ রান করেন তিনি।

রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রহমানউল্লাহ গুরবাজ। ৩৬ রান করে তিনি ফেরার পর ইব্রাহিম জাদরান ও রহমত শাহ মিলে জয়ের পথ সহজ করে দেন। রহমত ৪৩ রান করে আউট হলেও জাদরান অপরাজিত ছিলেন ৭০ রানে। শেষ পর্যন্ত হাশমতউল্লাহ শহিদির চারে জয় নিশ্চিত হয় আফগানিস্তানের।

এই ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানই ছিল সবচেয়ে ধারাবাহিক দল। লিগ পর্বে জিম্বাবুয়ে ও বাংলাদেশ দুটি দলকেই হারিয়েছিল তারা। জিম্বাবুয়ে জিতেছিল শুধু বাংলাদেশের বিপক্ষে। আর বাংলাদেশ হেরেছে দুটি ম্যাচেই।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ৪৩.৩ ওভার ১৬৯ (সিকান্দার রাজা ৬৮, রায়ান বার্ল ৩১; রশিদ খান ৩/৪১, নবী ২/২৫)। আফগানিস্তান: ৩৪.৩ ওভারে ১৭০/৩ (ইব্রাহিম জাদরান ৭০*, রহমত শাহ ৪৩, রহমানউল্লাহ গুরবাজ ৩৬)। ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ইব্রাহিম জাদরান।