খাজাকে ক্রিকেটের ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের মাঠে বল বিকৃতির ঘটনা। আট বছর পেরিয়ে গেলেও সেই বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না। ২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সেই টেস্টকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে উসমান খাজার আত্মজীবনী। এবার অস্ট্রেলিয়ার সাবেক ওপেনারকে তুলাধোনা করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ফ্যানি ডি ভিলিয়ার্স। খাজাকে গত ৪০ থেকে ৫০ বছরে ক্রিকেটে দেখা ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বলেছেন ফ্যানি।

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা ধরা পড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফ্যানি ডি ভিলিয়ার্সের। ধারাভাষ্য দেওয়ার সময় বলের অস্বাভাবিক ব্যবহার তাঁর চোখে পড়ে। এরপর তিনি সম্প্রচারকারী দলের সদস্যদের অস্ট্রেলীয় ফিল্ডারদের দিকে ক্যামেরা তাক করে রাখতে বলেন। সেই ঘটনার আট বছর পর খাজার আত্মজীবনী ‘সবর’ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বইটিতে খাজা দাবি করেছেন, বল বিকৃতির পরিকল্পনার কথা পুরো অস্ট্রেলিয়া দলেরই জানা ছিল। এত দিন সতীর্থদের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকলেও এখন তা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ ডি ভিলিয়ার্স।

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা ধরা পড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফ্যানি ডি ভিলিয়ার্সের।
এএফপি

পার্থের রেডিও স্টেশন ৯১.৩ স্পোর্টএফএমকে দেওয়া সাক্ষাৎকারে ফ্যানি ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমি কথাটা রেকর্ডে রাখতে চাই, আমার মনে হয়, গত ৪০-৫০ বছরে ক্রিকেটের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক সম্ভবত খাজা। দলের আচরণবিধির প্রতিটি নিয়মই সে ভেঙেছে।’

আরও পড়ুন

১৯৯৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক টেস্ট জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ফ্যানি ডি ভিলিয়ার্স। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ১১৭ রান। ডি ভিলিয়ার্স দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১১১ রানে অলআউট করে দেন। ম্যাচে তাঁর উইকেট ছিল ১০টি, পান ম্যাচসেরার পুরস্কার। ১৮ টেস্টের ক্যারিয়ারে নিয়েছেন ৮৫ উইকেট। বোলিং গড় ২৪.২৭। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৫ বার। ম্যাচে ১০ উইকেট ২ বার। এখন কাজ করছেন ধারাভাষ্যকার হিসেবে।  

ফ্যানি ডি ভিলিয়ার্স ও অ্যালান ডোনাল্ড, দুই সাবেক দক্ষিণ আফ্রিকার পেসার।
এএফপি


সেই ফ্যানি ডি ভিলিয়ার্সের অভিযোগ, খাজা সতীর্থদের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক ভেঙেছেন। ডি ভিলিয়ার্স বলেন, ‘সে তার সতীর্থদের বিক্রি করে দিয়েছে। এখানে ঠিক বা ভুলের প্রশ্ন নয়। ভুলের শাস্তি আগেই হয়েছে। ঘটনাটি অস্ট্রেলীয় ক্রিকেটের অংশ হয়ে গেছে। এমন ঘটনা ঘটেছিল, এটা দুঃখজনক। কিন্তু এই লোক আবার সবকিছু সামনে নিয়ে এসেছে।’

ফ্যানি ডি ভিলিয়ার্সের কথা, ‘খাজা আবার অস্ট্রেলীয় ক্রিকেটকে অসম্মানের মুখে ফেলেছে। বন্ধুত্ব নষ্ট করেছে, দলের ভেতরের আচরণবিধি ভেঙেছে। যা কিছু ভুল বলে মনে করা হয়, এমন সবকিছুই সে করেছে।’

খাজার আত্মজীবনী ঘিরে বিতর্কের প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার বর্তমান দলেও। অধিনায়ক প্যাট কামিন্স সিডনিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে আগে থেকে তাঁর কিছু জানা ছিল না। তবে নতুন নতুন তথ্য সামনে আসায় কামিন্সের পদত্যাগের দাবি উঠেছে। একই সঙ্গে ২০১৮ সালের ঘটনা নিয়ে আবার তদন্তের দাবিও জোরালো হয়েছে।

উসমান খাজা
এএফপি


এই বিতর্কে সবচেয়ে বড় ধাক্কা এসেছে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের কাছ থেকে। চলতি সপ্তাহের শুরুতে ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকায় ৪ হাজার ৪৯৭ শব্দের একটি লেখা প্রকাশ করেন তিনি। সেখানে ২০১৮ সালের পোর্ট এলিজাবেথ ও কেপটাউন টেস্টের ঘটনা নিয়ে কামিন্সের বক্তব্যের সঙ্গে সরাসরি দ্বিমত পোষণ করেছেন ব্যানক্রফট।

২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে ব্যানক্রফট, ওয়ার্নার ও স্মিথের বিরুদ্ধে। সেই টেস্টের ছবিতে ব্যানক্রফট ও স্মিথকে দেখা যাচ্ছে
এএফপি

বল বিকৃতির ঘটনায় নিষেধাজ্ঞা পাওয়া তিন ক্রিকেটারের একজন ছিলেন ব্যানক্রফট। এত দিন একাই ঘটনার দায় বহন করেছেন বলে দাবি করেছেন তিনি। নিজের বক্তব্য প্রকাশ করার পর দীর্ঘদিনের বোঝা নেমে যাওয়ার কথাও জানিয়েছেন এই ওপেনার। তাঁর ভাষায়, এত দিন তিনি সংশ্লিষ্ট সবার হয়ে দায় নিজের কাঁধে নিয়েছিলেন। ঘটনার সব কথা কখনোই পুরোপুরি সত্যভাবে বলেননি।
আট বছর পরও তাই সেই পুরোনো কেলেঙ্কারির শেষ অধ্যায় লেখা হচ্ছে না। বরং আত্মজীবনী, পাল্টাপাল্টি অভিযোগ আর নতুন করে সামনে আসা তথ্যে অস্ট্রেলীয় ক্রিকেটের সেই ক্ষত আবারও দগদগে হয়ে উঠেছে।

আরও পড়ুন