মাঠে অস্ট্রেলিয়ার কাছে, মাঠের বাইরে ইংল্যান্ডের কাছে হারল নিউজিল্যান্ড
মাঠে অস্ট্রেলিয়ার কাছে হারার পরে, ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের হারটা মাঠের বাইরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হেরে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান হারিয়েছে নিউজিল্যান্ড।
শীর্ষ স্থানে থেকেই অস্ট্রেলিয়ায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল কিউইরা। তবে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে হেরে শীর্ষ স্থান আর ধরে রাখতে পারেনি কেইন উইলিয়ামসনের দল।
১১৯ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে এখন ইংল্যান্ড। ১১৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ডের কাছেই গত বছরে শীর্ষ স্থান হারিয়েছিল ইংল্যান্ড।
তবে রেটিংয়ে এখনো ইংল্যান্ডকে ছোঁয়ার সম্ভাবনা আছে নিউজিল্যান্ডের। সে ক্ষেত্রে জিততে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে। তখন রেটিং সমান হলেও রেটিং পয়েন্ট কম থাকায় দ্বিতীয় স্থানেই থাকতে হবে নিউজিল্যান্ডকে।
যদিও সিরিজের শেষ ম্যাচ জয় মোটেই সহজ হবে না উইলিয়ামসনের দলের জন্য। কারণ, সিরিজের প্রথম দুই ম্যাচেই জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি তারা। সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যামেরন গ্রিন-অ্যালেক্স ক্যারির ১৫৮ রানের রেকর্ড জুটিতে রোমাঞ্চকর জয় পায় অস্ট্রেলিয়া।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে থামিয়ে দিয়েও সিরিজে সমতা ফেরাতে পারেনি তারা। সিরিজে সমতা ফেরানো দূরে থাক, নিউজিল্যান্ড অলআউট হয়েছে ৮২ রানে।
৫৭ রানে ৮ উইকেট হারিয়ে ওয়ানডেতে নিজেদের সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার শঙ্কাতেই পড়েছিল নিউজিল্যান্ড। ১৯৮৬ সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে সর্বনিম্ন ৬৪ রানে অলআউট হয়েছিল কিউইরা। শেষ দিকের ব্যাটসম্যানদের কারণে সে লজ্জা আর পেতে হয়নি। তবে ৮২ রান, ওয়ানডেতে নিউজিল্যান্ডের ষষ্ঠ সর্বনিম্ন ইনিংস। এই লজ্জাও বা কম কিসের!