টানা বাজে খেলার ফল হিসেবে ভারতের ক্রিকেটারদের জন্য নেমে এসেছে বিসিসিআইয়ের কড়া বিধিনিষেধ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর তাঁদের ১০টি শর্ত দিয়ে দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ন্যূনতম ৪৫ দিনের সফরে পরিবারের সঙ্গে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় কাটাতে পারবেন ভারতের খেলোয়াড়েরা।
আগামীকাল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি, যা শেষ হতে এক মাসের কম সময় লাগবে। ‘১০ দফা’র অন্যতম শর্ত হিসেবে পরিবার ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি খেলতে হবে রোহিত শর্মাদের, এমন তথ্য পিটিআইকে জানিয়েছিল বিসিসিআইয়ের একটি সূত্র। এমনকি একজন ক্রিকেটার এই নিয়ম শিথিল করার অনুরোধ করলেও তা রাখা হয়নি।
তবে এবার জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের তিন ম্যাচ ও সেমিফাইনাল–ফাইনালের একটিতে চাইলে পরিবারকে নিয়ে যেতে পারবেন ভারতের ক্রিকেটাররা। সবগুলো ম্যাচই তাঁদের খেলার কথা রয়েছে দুবাইতে।
ভারতের সংবাদমাধ্যম ‘জাগরণ’ জানিয়েছে, নিজেদের কড়া সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিসিআই। পত্রিকাটির দাবি বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে খেলোয়াড়েরা চাইলে এক ম্যাচের জন্য পরিবার সঙ্গে রাখতে পারবেন।
এর আগে অস্ট্রেলিয়া সিরিজের সময় এক ক্রিকেটার ২৭টি লাগেজ নিয়ে গেছেন বলে খবর ছড়ায়। তাঁর ব্যক্তিগত সহকারী ও পরিবারের সদস্যদের লাগেজ ছিল এর মধ্যে। এরপর বিসিসিআই নিয়ম করে দেয় কোনো ক্রিকেটার দেড় শ কেজির বেশি মালামাল নিলে বাড়তি অর্থ খরচ করতে হবে তাদেরই।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে একই গ্রুপে আছে পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। তিন দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নামবে তারা, ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারত।