সকালে নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত, রাতে অধিনায়ক হলেন স্মৃতি

ভারত নারী ক্রিকেট দলের সবচেয়ে বড় দুই তারকা হারমানপ্রীত কৌর (বাঁয়ে) ও স্মৃতি মান্ধানাইনস্টাগ্রাম

সকালে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছের হারমানপ্রতি কৌর। আজ রাতেই ভারতের নারী দলের সব সংস্করণের অধিনায়ক করা হয়েছে স্মৃতি মান্ধানাকে। ২০১৮ সাল থেকে ভারতকে নিয়মিত নেতৃত্ব দিয়ে এসেছেন হারমানপ্রীত। বেশির ভাগ সময় তাঁর সহ-অধিনায়ক ছিলেন মান্ধানা।

এর আগে ভারতকে ‘ভারপ্রাপ্ত দায়িত্বে’ চারটি ওয়ানডে ও ১৮টি টি-টুয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্র ও উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তাঁর।

অধিনায়ক হিসেবে মান্ধানার শুরুটা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে। আগামী ১৬ অক্টোবর রায়পুরে শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। অধিনায়কত্ব পাওয়াকে ‘বিশেষ সম্মানের’ বলে উল্লেখ করেছেন মান্ধানা। দায়িত্ব ছাড়ার আগে হারমানপ্রীতের অবদানের কথাও স্মরণ করেছেন তিনি।

বিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘হারমানপ্রীতের অবদান এবং এত বছর অধিনায়ক হিসেবে তিনি যে ভূমিকা রেখেছেন, সেটিও আমি স্বীকার করতে চাই। তিনি দারুণ নিষ্ঠার সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের পথচলার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।’

‘এই দায়িত্বের সঙ্গে যে বড় দায়িত্বও আসে, সেটা আমি বুঝতে পারছি। দলের সঙ্গে কাজ করতে, পথ চলতে চলতে শিখতে ও ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি।’—   যোগ করেন স্মৃতি।

সোমবার গুয়াহাটিতে অনুষ্ঠিত একটি পর্যালোচনা সভার পর মান্ধানাকে অধিনায়ক করার সিদ্ধান্ত আসে। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মান্ধানা, হারমানপ্রীত ও প্রধান কোচ অমল মজুমদারও ছিলেন।

ভারতের সব সংস্করণের সেরা ব্যাটার হিসেবে বিবেচিত মান্ধানা বেশ কিছুদিন ধরেই অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে ছিলেন। চলতি বছর তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দ্বিতীয় ডব্লিউপিএল শিরোপা জেতান। ফাইনালেও দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন।

সেপ্টেম্বরে মিতালি রাজকে ছাড়িয়ে সব সংস্করণ মিলিয়ে নারী আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ১৮টি, যা নারী ক্রিকেটে সর্বোচ্চ। তিনিই প্রথম ভারতীয় নারী ব্যাটার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন