তিন দিনেই লর্ডসে জয় দেখছে ইংল্যান্ড

লর্ডস টেস্টে দ্বিতীয় দিনের মধ্যে জয় দেখছে ইংল্যান্ডএএফপি

দুই দল মিলিয়ে ম্যাচের প্রথম তিন ইনিংসে যেভাবে উইকেট পড়েছে, তাতে চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডের লক্ষ্যটা বেশ বড়ই। তবে সেই বড় লক্ষ্য কিউইদের জন্য এখন রীতিমতো পাহাড়।

কারণ, ২৫৩ রান তাড়া করতে নেমে মাত্র ৩৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। এখনও জিততে দরকার ২১৮ রান। বিপরীতে ইংল্যান্ডের দরকার ৭ উইকেট।

প্রথম দিনে ইংল্যান্ডকে ১৪০ রানে থামিয়ে দেওয়ার পর নিউজিল্যান্ড দিন শেষ করেছিল ৬ উইকেটে ৬১ রান নিয়ে।

আজ দ্বিতীয় দিনে আরও ৫২ রান যোগ করে ১১৩ গুটিয়ে যায় কিউইদের প্রথম ইনিংস। ইংল্যান্ডের টিম রবিনসন ৩৯ রানে ৫টি এবং জশ টাং ৪০ রানে ৩ উইকেট নেন।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে পুরো দিন খেলতে পারেনি। তবে ৫৬ ওভারে ২২৬ রানে অলআউট হলেও দুই ইনিংস মিলিয়ে লিড নেয় ২৫৩ রানের। সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন এমিলিও গে।

আড়াই শর বেশি রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড দ্রুতই তিন উইকেট হারিয়েছে। কেন উইলিয়ামসন ১৮ রান করে ফিরেছেন।