মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে শান মাসুদ

মাটিতে পড়ে আছেন শান মাসুদ। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন পাকিস্তানের ফিজিও দল। পাশেই দাঁড়িয়ে অধিনায়ক বাবর আজমছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলবোর্নে পরশু ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। হাই ভোল্টেজ এ ম্যাচ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাবর আজমের দল। এ জন্য ব্রিসবেন থেকে গতকালই মেলবোর্নে গেছেন মোহাম্মদ রিজওয়ানরা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ অনুশীলনও ছিল তাঁদের। দুর্ঘটনাটা ঘটেছে সেখানেই।

নেট অনুশীলনে মোহাম্মদ নেওয়াজের একটি শট গিয়ে লাগে শান মাসুদের মাথার ডান পাশে। তখন বোলারের প্রান্তে এক পাশে দাঁড়িয়ে ছিলেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। বলের আঘাতে মাটিতে শুয়ে পড়েন মাসুদ। ছয়–সাত মিনিট মাটিতেই পড়ে ছিলেন।

ফিজিও এবং সতীর্থরা সেখানে তাঁকে দ্রুতই প্রাথমিক চিকিৎসা দেন। এরপর মাথায় স্ক্যান করাতে শান মাসুদকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। ক্রিকেট পাকিস্তানের টুইটে বলা হয়, ‘এমসিজিতে পাকিস্তানের নেট সেশনে মাথার ডান পাশে বলের আঘাত পাওয়ায় স্ক্যান করাতে শান মাসুদকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নেট অনুশীলনে ব্যাটিংয়ের প্রান্তে স্তব্ধ হয়ে বসে আছেন নেওয়াজ। বোলারের প্রান্তে বাকিরা মাসুদকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। সতীর্থকে অনিচ্ছাকৃতভাবে আঘাত করার কষ্টে ব্যাটিংয়ের প্রান্তে বেশ কিছুক্ষণ বসে থাকতে দেখা যায় নেওয়াজকে। এরপর উঠে ক্রিজে কিছুক্ষণ পায়চারি করেন, যেন ঠিক কী করা উচিত ভেবে পাচ্ছিলেন না। এরপর মাথা চুলকাতে চুলকাতে যান মাসুদের কাছে।

পাকিস্তানের টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে ফখর জামানের জায়গায় ডাক পেয়েছেন শান মাসুদ। ফখরকেও পরে দলে ডেকেছেন পাকিস্তানের নির্বাচকেরা। তবে টি–টোয়েন্টিতে মাসুদের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনে নেমে ২১ বলে করেন ১৯ রান। ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অবশ্য ১৭৭.২২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। ২২ বলে খেলেন ৩৯ রানের ইনিংস। এমনিতে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে শান মাসুদের স্ট্রাইক রেট ১২৫।

এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়ে বাদ পড়ার ঘটনা ভালোই ঘটছে। গলফ খেলতে গিয়ে গলফ স্টিকের ধাতব হাতলের দ্বারা আঘাত পেয়ে হাত কেটে নেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার–ব্যাটসম্যান জশ ইংলিস। তাঁর জায়গায় ক্যামেরন গ্রিনকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া।

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর এ পর্যন্ত মোট ছয় ক্রিকেটার চোটের কারণে বাদ পড়েছেন। তিনজন শ্রীলঙ্কার এবং একজন করে আরব আমিরাত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। শান মাসুদের কপালে কী অপেক্ষা করছে, এখন সেটাই দেখার বিষয়।