প্রথমবার কিউরেটরদের লেভেল ওয়ান কোর্স করাচ্ছে বিসিবি
ক্রিকেট মাঠ ও পিচ ব্যবস্থাপনায় পেশাগত দক্ষতা উন্নয়নের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো ‘কিউরেটর লেভেল ১ কোর্স’ আয়োজন করছে বিসিবি।
আজ ও আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চলবে এই কোর্সের চট্টগ্রাম পর্ব। কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল, বিকেএসপি, পূর্বাচল ও ফতুল্লার মাঠের ৩০ জন কিউরেটর এই কোর্সে অংশগ্রহণ করবেন।
পরে ২৩ ও ২৪ আগস্ট শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে কিউরেটরদের লেভেল-১ কোর্সের ঢাকা পর্ব। মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর ৪০ জন এই কোর্সে অংশ নেবেন।
বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান ও আইসিসি অ্যাক্রিডেটেড কিউরেটর টনি হেমিং এই কোর্স করাচ্ছেন। কোর্স শেষে পরীক্ষা নেওয়া হবে কিউরেটরদের, ওই পরীক্ষায় পাস করা কিউরেটরদের বিসিবির পক্ষ থেকে সনদও দেওয়া হবে।
বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্যসচিব মাজহার উদ্দীন প্রথম আলোকে জানিয়েছেন, দেশে এখন ২-৩ জন লেভেল ওয়ান কোর্স করা কিউরেটর আছেন। তাঁদের সঙ্গে আরও ভালো মানের কিউরেটর তৈরি করতেই এই উদ্যোগ নিয়েছেন তাঁরা।
সাধারণত কিউরেটরদের লেভেল ওয়ান কোর্স করার জন্য দুবাইয়ে যেতে হয়, তবে এবার তা বাংলাদেশেই আয়োজন করেছেন তাঁরা।
মাজহার উদ্দীন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন করে কিউরেটর তৈরি করা। তাঁদের ভালোভাবে দক্ষ করে গড়া তোলা। আমাদের কিছু কিউরেটর দেশের বাইরেও কাজ করেন। প্রায়ই বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে কিউরেটর চায়। আমরা চাচ্ছি শুধু দেশেই কাজ করা নয়, আমাদের কিউরেটরদের যেন দেশের বাইরেও পাঠাতে পারি।’