টেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেট
টেস্ট দলের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি। গত সপ্তাহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে শাহিন শাহ আফ্রিদিকে রাখা হয়েছে শুধু সাদা বলের ক্রিকেটে। ওয়ানডে ও টি-টুয়েন্টির চুক্তি পেয়েছেন বাঁহাতি এই পেসার। কিন্তু টেস্ট ক্রিকেটে ব্রাত্য হওয়ার পর লাল বল হাতে যেন নতুন করেই জবাব দিচ্ছেন শাহিন।
কায়েদে আজম ট্রফিতে নিজের দল ফাটারের হয়ে করছেন ফাটাফাটি বোলিং।
টুর্নামেন্টে নিজের সর্বশেষ চার ম্যাচে নিয়েছেন ২৭ উইকেট। এর মধ্যে গত বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডের প্রথম দিনে ফয়সালাবাদ রিজিয়নের বিপক্ষে ৪৩ রানে ৭ উইকেট নিয়েছেন ফাটার দলের এই পেসার। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন একটি উইকেট। ফাটা ম্যাচটা জিতেছে ৭ উইকেটে। ৫ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে আপাতত আফ্রিদির দল ১ নম্বরে।
আফ্রিদির এই পারফরম্যান্স অবশ্য এক ম্যাচের নয়। এর আগের ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে নিয়েছিলেন ৯ উইকেট। তার আগের দুই ম্যাচে পিআর ব্লুজের বিপক্ষে ৬টি এবং লাহোর হোয়াইটসের বিপক্ষে ৪ উইকেট। সব মিলিয়ে ৪ ম্যাচে ২৭ উইকেট। ব্যাট হাতেও অবদান রেখেছেন আফ্রিদি। পাঁচ ইনিংসে করেছেন ১৩৪ রান। সর্বোচ্চ ৪২।
মাসখানেক ধরেই বল হাতে দারুণ ছন্দে আছেন ২৬ বছর বয়সী এই পেসার। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখে নিয়েছিলেন ১০ উইকেট। এবার লাল বলের ক্রিকেটেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন।
টেস্ট ক্রিকেটে আফ্রিদির সর্বশেষ ম্যাচ ছিল এ বছরের মে মাসে, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে। সেই সিরিজে হেরেছিল পাকিস্তান। এখন পর্যন্ত ৩৪ টেস্ট খেলে ৫৮ ইনিংসে তাঁর উইকেট ১২৬। গড় ২৮.১৩। পাঁচ উইকেট পেয়েছেন চারবার।
টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পেলেও লাল বলের ক্রিকেটে আফ্রিদির এই পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবাতে পারে। আপাতত তাঁর বার্তা স্পষ্ট, টেস্ট ক্রিকেটের দরজা তিনি বন্ধ হতে দিতে রাজি নন।