করোনায় আক্রান্ত নাসিমকে নিয়েই নিউজিল্যান্ডে যাচ্ছে পাকিস্তান
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চলমান ইংল্যান্ড সিরিজ শেষ। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলা নিয়েও অনিশ্চয়তা আছে পাকিস্তান ফাস্ট বোলার নাসিম শাহর। অনিশ্চয়তা সত্ত্বেও নাসিমকে নিয়েই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে এর আগে দুই দিনের আইসোলেশনে থাকতে হবে নাসিমকে।
গত মঙ্গলবার রাতে বুকের ব্যথা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় নাসিমকে। প্রথমে জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। পরে জানা যায়, পাকিস্তান ফাস্ট বোলার আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসেও। নাসিমকে অবশ্য বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
পিসিবি জানিয়েছে, টিম হোটেলে ফেরা এই পেসার আগের চেয়ে ভালো আছেন। আপাতত করোনার চিকিৎসা নেবেন নাসিম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চিকিৎসা দলের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। নাসিম নিজেও টুইট করে জানিয়েছেন, আগের চেয়ে ভালো আছেন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে শুধু প্রথম ম্যাচটিই খেলেছেন নাসিম। সে ম্যাচে ৪ ওভারে ৪১ রান দিয়ে অনেকটা খরুচেই ছিলেন নাসিম, পাকিস্তানও হেরেছিল ৬ উইকেটে।
ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ৩ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে পাকিস্তান দল। ৭ অক্টোবর শুরু হতে যাওয়া সিরিজে নিউজিল্যান্ড ছাড়া তৃতীয় দলটি বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে অস্ট্রেলিয়া চলে যাবে পাকিস্তান দল। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা তাদের। ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে পাকিস্তানের। বিশ্বকাপের আগে যে করেই হোক নাসিমকে ম্যাচ খেলার উপযোগী করে তুলতে চায় পাকিস্তান।
কদিন আগেই শেষ হওয়া এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক নাসিমের। শাহিন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে এশিয়া কাপে পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম বড় অস্ত্র ছিলেন তিনি। এশিয়া কাপে খেলা ৫ ম্যাচে ১৯.৭১ গড়ে ৭ উইকেট নিয়েছেন নাসিম, ইকোনমি ৭.৬৬।