পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়

বিপিএল নিলাম অুনষ্ঠানে বিসিবি সভাপতি আমিনুল ইসলামপ্রথম আলো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম আজ সকালে লাহোরে পৌঁছেছেন। সন্ধ্যায় আইসিসির জরুরি ভার্চ্যুয়াল সভায় যোগ দেবেন তিনি। একই সভায় আইসিসির অন্যান্য সদস্যও উপস্থিত থাকার কথা আছে।

পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে এ সব খবর দেওয়া হয়েছে।

আইসিসির অনড় সিদ্ধান্তে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না পারা এবং তার জেরে পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের ঘোষণায় সৃষ্ট অচলাবস্থার মধ্যে এই সভার খবর সামনে এল।

জিও নিউজ সূত্রের বরাতে জানিয়েছে রোববার লাহোরে পৌঁছেছেন আমিনুল। সেখানে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া দিনের শেষ দিকে অন্যান্য সদস্য দেশের সঙ্গে আইসিসির জরুরি ভার্চুয়াল সভায় যোগ দেবেন।

এর আগে শনিবার ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ জানায়, পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা শুরু করেছে আইসিসি। চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপকেন্দ্রিক এই সংকটের শুরু বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অব্যাহতি দেওয়া থেকে।

আরও পড়ুন

সাম্প্রদায়িক উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে ভারতে বিশ্বকাপ দল পাঠাতে অস্বীকৃতি জানায়। বিসিবি ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের অনুরোধ করলে আইসিসি তা প্রত্যাখ্যান করে এবং একপর্যায়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়।

গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানায় তারা ভারতের বিপক্ষে খেলবে না। এই সিদ্ধান্তের পেছনে ‘খেলার মাঠে রাজনীতি’র অভিযোগ এবং বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিশ্বকাপের আয়ের বড় একটি অংশ ভারত-পাকিস্তান ম্যাচ থেকে আসে বলে পাকিস্তানের সিদ্ধান্তে চাপে পড়েছে আইসিসি। এমন প্রেক্ষাপটে আলোচনা চলছে।

আরও পড়ুন