মে মাসের সেরার মনোনয়নে মুশফিক ও তাইজুল
মে মাসের আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় তিনজনের দুজনই বাংলাদেশি। গত মাসে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের পারফরম্যান্সের জন্য এই মনোনয়ন পেয়েছেন তাইজুল ইসলাম ও মুশফিকুর রহিম। তাদের সঙ্গে সেরার দৌড়ে আছেন নেপালের ক্রিকেটার দীপেন্দ্র সিং ঐরি।
পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল। দুই টেস্টে ১৯.৬১ গড়ে ১৩ উইকেট নেন তিনি। সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২০ রানে ৬ উইকেট পেয়েছিলেন তাইজুল।
একই সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন মুশফিকুর রহিম। দুই টেস্টে তিনি ৬৩.২৫ গড়ে করেন ২৩৫ রান। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ আর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
নেপালের দীপেন্দ্র কীর্তিপুরে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ লিগ–টু ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্সে মনোনয়ন পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি সেঞ্চুরিসহ মে মাসে ৬ ওয়ানডেতে ৪৯.৮০ গড় ও ১১০.৬৬ স্ট্রাইক রেটে ২৪৯ রান করেন তিনি। বল হাতেও নেন ৮ উইকেট।
নারী বিভাগে ইংল্যান্ডের লরেন বেল, পাকিস্তানের গুল ফিরোজা ও নিউজিল্যান্ডের ম্যাডি গ্রিন মাসসেরার মনোনয়ন পেয়েছেন।