মা বলছেন বিয়ের বয়স হয়নি, দাদার দাবি প্রেম করছে: কী চলছে ঈশানকে ঘিরে
কয়েক দিন আগে সংবাদমাধ্যমের শিরোনাম হন ক্রিকেটীয় কারণে। এবারও তিনি সংবাদমাধ্যমের শিরোনাম। তবে সেটা ক্রিকেটীয় নয়, রোমান্টিক বিষয়ে আলোচনায় উঠে এসেছেন ঈশান কিষান।
ভারতের ২৭ বছর বয়সী এ উইকেটকিপার-ব্যাটসম্যান গত রোববার টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দলের জয়ে ৪০ বলে ৭৭ রানের দারুণ ইনিংস খেলেন। তখন দারুণ প্রশংসিত হন ঈশান। এরপর তাঁকে অন্য কারণে সংবাদমাধ্যমের শিরোনামে নিয়ে আসেন তাঁর দাদা অনুরাগ পান্ডে। ভারতের মডেল অদিতি হুন্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে ঈশানের। অনুরাগ সংবাদমাধ্যমকে বলেন, অদিতি তাঁর নাতির প্রেমিকা। যদিও ঈশানের মা সূচিত্রা দেবীর দাবি, এ সবই স্রেফ গুঞ্জন। এখন প্রেম নয়, ঈশানের খেলায় মনোযোগ দেওয়ার সময় বলে মনে করেন তিনি।
ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে সূচিত্রা বলেন, ‘বিয়ে নয়, এখন তার (ঈশান কিষানের) ক্রিকেট খেলার সময়। বিয়ে নিয়ে কথা বলার মতো বয়স তার এখনো হয়নি। দাদার বয়স হয়েছে। একটু বয়স্ক ব্যক্তিরা অল্প কিছুতেই উত্তেজিত হয়ে পড়েন।সামাজিক যোগাযোগমাধ্যমে তো কিছু না কিছু আসতেই থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে যা দেখেছেন, সেসবের ভিত্তিতেই তিনি এসব বলেছেন।’
এর আগে ভারতের বার্তা সংস্থা এএনআইকে ঈশানের দাদা অনুরাগ পান্ডে জানান, তাঁর নাতি মডেল অদিতি হুন্ডিয়ার সঙ্গে প্রেম করছেন, ‘বিয়ের জন্য ঈশান যাকেই পছন্দ করুক, আমরা মেনে নেব। আমরা সে জন্য প্রস্তুত। অদিতি তার প্রেমিকা। সে একজন মডেল। সন্তানরা যেটায় সুখী হয়, তা মেনে নেওয়া উচিত।’
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জয়পুরের এক ব্যবসায়ীর মেয়ে অদিতি ২০১৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’র ফাইনালিস্ট ছিলেন। পরের বছর ‘মিস ডিভা প্রতিযোগিতা’ জেতেন। ফ্যাশন ইনফ্লুয়েন্সার অদিতির ইনস্টাগ্রামে অনুসারীসংখ্যা ২ লাখ ৭০ হাজার। ২০১৯ সালে আইপিএলে তাঁকে নিয়মিত গ্যালারিতে দেখা গেছে। তখন ঈশানের জন্য গ্যালারিতে গলা ফাটাতে দেখা গেছে অদিতিকে। ভারতের ম্যাচেও গ্যালারিতে থেকে ঈশানকে সমর্থন দেন অদিতি।
পাকিস্তানকে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে ভারত। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের দল।