রোহিত দেখালেন ‘বুড়ো হাড়ের ভেলকি’

মৌসুমের প্রথম ম্যাচেই ফিফটি করেছেন রোহিত শর্মাএক্স/মুম্বাই ইন্ডিয়ানস

অবশেষে ‘জুজু’ কাটল মুম্বাই ইন্ডিয়ানসের।

টানা ১৩ মৌসুমে আসরের প্রথম ম্যাচ জিততে পারেনি তারা। রীতিমতো আতঙ্কে পরিণত হওয়া সেই প্রথম ম্যাচে এবার জয় পেয়েছে মুম্বাই। রোববার রাতে ওয়াংখেড়েতে দলটি কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) হারিয়েছে ৬ উইকেটের বড় ব্যবধানে।

মুম্বাইয়ের প্রথম ম্যাচে জয়ের খরা কাটানোর দিনে নিজেকে নতুনভাবে সামনে এনেছেন রোহিত শর্মাও। এই মারকাটারি ফিফটির যুগে আইপিএলে তাঁর পঞ্চাশের কাছাকাছি ফিফটি আছে। কিন্তু তার একটিও ২৫-এর কম বলে করতে পারেননি। কেকেআরের বিপক্ষে কাল দুই শর বেশি স্ট্রাইক রেটে ফিফটির সেই অপূর্ণতা ঘুচিয়েছেন রোহিত।

কেকেআরের ২২১ রান তাড়ায় রোহিত খেলেছেন ৩৮ বলে ৭৮ রানের ইনিংস। ৬টি করে চার ও ছক্কা। এই পথে রোহিত ৫০ ছুঁয়েছেন ২৩তম বলে। আইপিএলে এটি তাঁর দ্রুততম ফিফটি। আগের দ্রুততম ছিল ২০১৫ আসরের ফাইনালে চেন্নাইয়ের বিপক্ষে ২৫ বলে।

দ্রুততম ফিফটির দিনে রোহিত ২০১৫ আসরকে ফিরিয়ে এনেছেন আরও একটি পরিসংখ্যানে। এবারের আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে একবারই ফিফটি করেছিলেন, সেটি ছিল কলকাতার বিপক্ষে ৯৮ রান।

সব মিলিয়ে রোহিতের আইপিএল ফিফটি এখন ৪৮টি। এর মধ্যে ২৩ বলে করা ফিফটি অনেকেরই চোখে লাগার কথা। ২০২২ সালে ১২০.১৭ আর ২০২৩ সালে ১৩২.৮ স্ট্রাইক রেটে টুর্নামেন্ট শেষ করা রোহিতকে সর্বশেষ দুই মৌসুমে দেখা গেছে বেশি আক্রমণাত্মক (১৫০ ও ১৪৯.২৮)। এবার ২০২৬-এ এসে প্রথম ম্যাচেই দিলেন আরও ঝোড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত। আগামী ৩০ এপ্রিল বয়স ৩৯ পূর্ণ করতে যাওয়া রোহিত যেন দিন দিন তরুণই হয়ে উঠছেন।

আরও পড়ুন