১৫ বছর বয়সী সূর্যবংশী র‍্যাঙ্কিংয়ে এগোলেন ২৩০ ধাপ

বৈভব সূর্যবংশীবিসিসিআই

১, ২, ৩ ধাপ নয়...২৩০ ধাপ!

আইসিসি টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ এগিয়েছেন ভারতীয় ওপেনার বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সী এই ক্রিকেটার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১৫১ রান করে হয়েছেন সিরিজ–সেরা। এরই ফল হিসেবে টি-টুয়েন্টিতে এখন ক্যারিয়ার–সেরা ৪৮তম অবস্থানে সূর্যবংশী।

ভারতের হয়ে সব মিলিয়ে ৬টি টু-টুয়েন্টি খেলেছেন সূর্যবংশী। চলতি জুলাইয়ের শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর অভিষেক। শুরুটা তাঁর খুব একটা ভালো হয়নি। ইংল্যান্ড সিরিজে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ১৫। সেখান থেকে জিম্বাবুয়ে সিরিজে ঘুরে দাঁড়ান, করেন তিন ম্যাচে দুই ফিফটি। বর্তমানে সূর্যবংশীর রেটিং ৫৩৬।

আরও পড়ুন

টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন ভারতের আরেক ওপেনার ঈশান কিষান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ৮১ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ওই ম্যাচের পর তাঁর রেটিং পয়েন্ট দাঁড়িয়েছিল ৯১৬–তে। এটি টি-টুয়েন্টি ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট।

এ ক্ষেত্রে কিষানের সামনে আছেন শুধু তাঁর সতীর্থ অভিষেক শর্মা (৯৩১) এবং ইংল্যান্ডের ডেভিড ম্যালান (৯১৯)। সিরিজ শেষে কিষানের রেটিং কিছুটা কমে ৯১০ হলেও শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সাহিবজাদা ফারহানের রেটিং পয়েন্ট ৮৪৮। টি-টুয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে আছেন তানজিদ হাসান, তাঁর অবস্থান ২০ নম্বরে।

আরও পড়ুন

ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠেছেন শুবমান গিল। জানুয়ারি থেকে এক নম্বরে ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারিল মিচেল। তাঁকে সরিয়ে এখন শীর্ষ গিল। মিচেলের সঙ্গে অবশ্য তাঁর রেটিং পয়েন্টের পার্থক্য খুব বেশি না, গিলের ৮০১ আর মিচেলের ৭৯৪। ওয়ানডেতে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে তাওহিদ হৃদয়, ২২ নম্বরে।

রেকর্ড গড়ে ৫ উইকেট নেন গ্রিভস। বলটি দেখাচ্ছেন দর্শকদের
এএফপি

ত্রিনিদাদে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ইতিহাস গড়া পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। টানা পাঁচটি উইকেট-মেইডেন ওভার করার কৃতিত্ব গড়ার পর টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন এই ডানহাতি বোলার। একই সঙ্গে অলরাউন্ডারদের তালিকায় ৮ ধাপ এগিয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

আরও পড়ুন

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে গ্রিভসের সতীর্থ জেইডেন সিলসেরও। ৫ ধাপ এগিয়ে তিনি এখন ২৪তম স্থানে আছেন। অন্যদিকে পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৭তম স্থানে।

টেস্ট ব্যাটসম্যানদের তালিকায়ও উন্নতি করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কাল ম্যাচের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ৩২তম টেস্ট অর্ধশতক করার সুবাদে চার ধাপ এগিয়ে তিনি ১৫তম স্থানে উঠে এসেছেন।