মাথা ঠান্ডা রেখেই হৃদয়ের এমন ব্যাটিং
ইদানীং তাওহিদ হৃদয় বড় ভরসাই হয়ে উঠেছেন বাংলাদেশ দলের জন্য। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে শুরু; এরপর ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ, শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে কী অসাধারণই না খেললেন! দলকে জেতালেন শামীম হোসেনকে সঙ্গে নিয়ে।
২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের এই ব্যাটসম্যান এরই মধ্যে টি–টোয়েন্টিতে পাওয়ার হিটিংয়ের সামর্থ্য দেখিয়ে নজর কেড়েছেন। প্রয়োজনের সময় বড় শট খেলতে পারেন। তাওহিদও দলের জন্য অবদান রাখতে পেরে খুশি। পরিস্থিতি অনুযায়ী মাথা ঠান্ডা রাখাটাকেও তিনি তাঁর সাফল্যের মূল কারণ মনে করেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে হৃদয় বলেছেন, ‘ব্যাটিংয়ে মাথা ঠান্ডা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, বল নির্বাচনও গুরুত্বপূর্ণ। এখানে বোলারদের ফিরে আসার সুযোগ থাকে, কিন্তু ব্যাটসম্যানের জন্য ব্যাপারটা কঠিন। আমি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করি। শান্ত থাকতে চেষ্টা করি।’
কিছুদিন আগেও পাওয়ার হিটিং টি–টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অন্যতম দুর্বলতার জায়গা ছিল। কিন্তু তাওহিদ হৃদয় সেই অভাব কিছুটা হলেও পূরণ করতে পারছেন। বড় শট খেলতে পারার সামর্থ্য বাংলাদেশের টি–টোয়েন্টি দলে তাঁকে অপরিহার্য করে তুলেছে। এ বছরের শুরুতে বিপিএলেও সিলেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন হৃদয়। তবে আন্তর্জাতিক ক্রিকেটে রান করাটাকে সহজ মনে করেন না তিনি, ‘রান করা মোটেও সহজ নয়। রান পেলে সহজ মনে হয়, রান না করলে কঠিন। এটাই স্বাভাবিক।’
নিজের ব্যাটে রানের পাশাপাশি হৃদয় চান দলও সফল হোক, ‘ওয়ানডেতে ফিফটি করলেও ফলাফল পক্ষে আসেনি। আমার মনে হয়, এই ফিফটির কোনো দাম নেই। সামনে এ রকম সুযোগ এলে আরও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব। আমি চেষ্টা করি সব খেলায় নিজের কাজটা ঠিকভাবে করতে।’